কৃষিচাঁপাইনবাবগঞ্জনাচোলসংবাদ

বরেন্দ্র অঞ্চলে শুরু হয়েছে রোপা আমন চাষ, বাড়তি খরচে দুশ্চিন্তায় কৃষক

মোঃ মনিরুল ইসলাম,নাচোল:

চাঁপাইনবাবগঞ্জের বরেন্দ্র অঞ্চল নাচোল উপজেলায় পুরোদমে শুরু হয়েছে রোপা আমন ধানের চাষাবাদ। আষাঢ়ের মাঝামাঝি থেকে বৃষ্টিপাত শুরু হওয়ায় মাঠজুড়ে ধান রোপণে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। তবে সেচ, শ্রমিক, সার ও কীটনাশকের বাড়তি খরচে দুশ্চিন্তায় রয়েছেন তারা।

স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, আষাঢ়ের শুরুতে পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় অনেকেই গভীর নলকূপের পানি দিয়ে জমি প্রস্তুত করেন। পরে বৃষ্টি শুরু হলে রোপা আমন রোপণের কাজ গতি পায়। বর্তমানে উপজেলার বিভিন্ন মাঠে চলছে ধান রোপণের উৎসবমুখর পরিবেশ।

কৃষকদের অভিযোগ, বৃষ্টিপাত প্রয়োজনের তুলনায় কম হওয়ায় অনেক জমিতে অতিরিক্ত সেচ দিতে হচ্ছে। পাশাপাশি দিনমজুরের মজুরি, সার ও কীটনাশকের দাম বেড়ে যাওয়ায় উৎপাদন ব্যয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। অথচ উৎপাদিত ধানের ন্যায্যমূল্য না পাওয়ার শঙ্কায় তারা হতাশ।

নাচোল উপজেলা কৃষি কর্মকর্তা সলেহ্ আকরাম জানান, চলতি মৌসুমে উপজেলায় প্রায় ২২ হাজার হেক্টর জমিতে ব্রি ধান-১০৩, ব্রি ধান-৫১সহ বিভিন্ন জাতের রোপা আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কৃষকদের নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে এবং সারের কোনো সংকট যাতে না হয়, সে বিষয়েও নিবিড়ভাবে নজরদারি করা হচ্ছে।

তিনি আরও বলেন, সময়মতো বৃষ্টিপাত শুরু হওয়ায় আমন আবাদে ইতিবাচক প্রভাব পড়েছে। অনুকূল আবহাওয়া বজায় থাকলে চলতি মৌসুমে নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়েও বেশি জমিতে রোপা আমনের আবাদ হবে বলে আশা করছেন কৃষি বিভাগ।

Related Articles

Back to top button