শিবগঞ্জে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা, পুরস্কার বিতরণ ও বৃক্ষরোপণ
অনুষ্ঠানের শেষ পর্বে বিদ্যালয় প্রাঙ্গণে কৃষ্ণচূড়া ও বকুল ফুলের চারা রোপণ করেন বৃক্ষপ্রেমী কার্তিক প্রামানিক

নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা, কুইজ ও বিভিন্ন খেলার পুরস্কার বিতরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) বিকেলে উপজেলার ৬১ নম্বর মনাকষা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে কিশোর-কিশোরী ক্লাব মনাকষা শাখার আয়োজনে এবং স্বেচ্ছাসেবী সংগঠন ‘এসো মানুষের পাশে’-এর সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কিশোর-কিশোরী ক্লাবের সংগীত শিক্ষক ও ‘এসো মানুষের পাশে’-এর আহ্বায়ক মো. জিয়াউল হক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন বৃক্ষপ্রেমী কার্তিক প্রামানিক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা. সেলিমা খাতুন, কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের সুপারভাইজার মো. নওরোজ হুদা সজিব, দৈনিক ইত্তেফাক ও দৈনিক সোনার দেশের শিবগঞ্জ প্রতিনিধি মোহা. সফিকুল ইসলাম, সহকারী শিক্ষক রায়হানুল আমীন ও মোসা. শামসুন্নাহার।
প্রধান অতিথির বক্তব্যে কার্তিক প্রামানিক বলেন, গাছ মানুষের জীবনে বহুমুখী উপকার বয়ে আনে। বিশেষ করে ঔষধি গাছ পরিবেশ ও মানবস্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। তিনি প্রতিটি শিক্ষার্থীকে নিজ বাড়ির আঙিনায় অন্তত একটি করে ঔষধি গাছ রোপণের আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে সাংবাদিক মোহা. সফিকুল ইসলাম বলেন, সমাজ থেকে বাল্যবিয়ে ও মাদক নির্মূলে কিশোর-কিশোরী ক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ ধরনের কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীরা সচেতন হচ্ছে এবং অন্যদেরও সচেতন করতে পারছে।
আলোচনা সভা শেষে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত কুইজ প্রতিযোগিতা, অঙ্ক দৌড়, চেয়ার খেলা ও অন্যান্য প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে শিক্ষার্থীরা কবিতা আবৃত্তি পরিবেশন করে।
অনুষ্ঠানের শেষ পর্বে বিদ্যালয় প্রাঙ্গণে কৃষ্ণচূড়া ও বকুল ফুলের চারা রোপণ করেন বৃক্ষপ্রেমী কার্তিক প্রামানিক। একই কর্মসূচির আওতায় মনাকষা ইউনিয়নের ঐতিহাসিক নীলকুঠি ঘাট, পারচৌকা-সিংনগর মোড়, হুমায়ূন রেজা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণ এবং খড়িয়াল চৌকা সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন স্থানে কৃষ্ণচূড়া ও বকুলের চারা রোপণ করা হয়।







