
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:
ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি বলেছেন, বর্তমান গণতান্ত্রিক সরকার শিক্ষা ও স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সরকার সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে।
শুক্রবার (২৪ জুলাই) রাজশাহী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে তিন দিনব্যাপী শিশু হৃদরোগ শনাক্তকরণ ও চিকিৎসা কার্যক্রমের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ২২ থেকে ২৪ জুলাই পর্যন্ত ৩ থেকে ১৮ বছর বয়সী শিশু শিক্ষার্থীদের জন্য এ বিশেষ চিকিৎসা কার্যক্রম পরিচালিত হয়। চীনের ফুওয়াই ইউনান কার্ডিওভাসকুলার হাসপাতালের শিশু হৃদরোগ বিভাগ এবং ঢাকা জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করে রাজশাহী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন।
ভূমিমন্ত্রী বলেন, চীনের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। তিনি উল্লেখ করেন, সাবেক প্রধানমন্ত্রী শহীদ জিয়াউর রহমান এ সম্পর্কের ভিত্তি সুদৃঢ় করেছিলেন এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে।
তিনি আরও বলেন, রাজশাহী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে যাতায়াত সহজ করতে কোর্ট-নাটোর সড়ক থেকে হাসপাতাল পর্যন্ত সংযোগ সড়ক প্রশস্তকরণের জন্য একটি বিশেষ প্রকল্প গ্রহণ করা হবে। এ বিষয়ে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) ও রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ)-কে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন তিনি।
চীনের আধুনিক চিকিৎসা প্রযুক্তি কাজে লাগিয়ে রাজশাহীতে বিশ্বমানের হৃদরোগ চিকিৎসাসেবা নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন ভূমিমন্ত্রী।
রাজশাহী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সভাপতি মো. আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন চীনের ফুওয়াই ইউনান কার্ডিওভাসকুলার হাসপাতালের ডেপুটি ডিরেক্টর ইনচার্জ ও বিশেষজ্ঞ দলের টিম লিডার লু-জিয়াং।
এ সময় উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. মো. আতাউল হক, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের চিফ কনসালট্যান্ট ও ডিরেক্টর প্রফেসর ডা. মো. রইছ উদ্দিন, সহসভাপতি মো. হাসেন আলী ও মো. মাকসুদুল করিম সম্রাটসহ চিকিৎসক, সমাজসেবক, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা।







