টানা বৃষ্টিতে বিপর্যস্ত নাচোলের জনজীবন, আমন ধান নিয়ে শঙ্কায় কৃষক

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিবেদক :
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে টানা তিন দিনের বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। নিম্নাঞ্চল ও গ্রামীণ জনপদের বিভিন্ন স্থানে পানি জমে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এতে চরম দুর্ভোগে পড়েছেন দিনমজুর, খেটে খাওয়া মানুষ, ক্ষুদ্র ব্যবসায়ী ও নিম্ন আয়ের পরিবারগুলো। পাশাপাশি মাঠে থাকা পাকা আমন ধানসহ বিভিন্ন ফসলের ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।
টানা বৃষ্টির কারণে জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হতে পারছেন না সাধারণ মানুষ। বিশেষ করে কৃষিনির্ভর এলাকার কৃষকদের মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ। জমিতে পানি জমে থাকায় আমন ধানের গাছ নুয়ে পড়া, ধানের শীষ নষ্ট হওয়া এবং পাকা ধানে পচন ধরার আশঙ্কা করছেন তাঁরা। এ ছাড়া ধান কাটতে ও মাড়াই করতে শ্রমিকের বাড়তি মজুরি গুনতে হতে পারে। শীতকালীন আগাম সবজি ও অন্যান্য ফসলের জমিতেও বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।
স্থানীয় কৃষকেরা জানান, সার, বীজ, কীটনাশক ও শ্রমিকের পেছনে বিপুল অর্থ ব্যয় করে তাঁরা আমন ধানের আবাদ করেছেন। এখন ধান ঘরে তোলার সময় টানা বৃষ্টিতে তাঁদের সেই স্বপ্ন অনিশ্চয়তার মুখে পড়েছে।
উপজেলার কৃষ্ণপুর গ্রামের কৃষক আমির হোসেন বলেন, সার, বীজ, কীটনাশক ও শ্রমিকের পেছনে অনেক টাকা খরচ করে আমন ধান আবাদ করেছেন। এখন জমিতে পানি জমে আছে। এভাবে বৃষ্টি চলতে থাকলে ধানের ব্যাপক ক্ষতি হতে পারে।
কৃষক মনিরুল ইসলাম বলেন, পাকা আমন ধান কাটার সময় এমন বৃষ্টি তাঁদের জন্য বড় বিপদ হয়ে দাঁড়িয়েছে। এতে ধানের ফলন কমে যাওয়ার পাশাপাশি খড় পচে যাওয়ার আশঙ্কা রয়েছে। ফলে আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন কৃষকেরা।
এদিকে বৃষ্টির কারণে দিনমজুর ও শ্রমজীবী মানুষের আয়-রোজগারও বন্ধ হয়ে গেছে। প্রতিদিনের উপার্জনের ওপর নির্ভরশীল এসব মানুষ কাজের সন্ধানে বের হতে না পেরে পরিবার-পরিজন নিয়ে বিপাকে পড়েছেন। কাঁচা রাস্তা ও চলাচলের পথ কর্দমাক্ত হয়ে পড়ায় গ্রামীণ যোগাযোগেও বিঘ্ন ঘটছে।
উপজেলার নেজামপুর বাজারের ভ্যানচালক মন্টু আলী বলেন, প্রতিদিন ভ্যান চালিয়ে ৬০০ থেকে ৭০০ টাকা আয় করেন তিনি। কিন্তু গত তিন দিনের বৃষ্টিতে বাজারে ভ্যান চালিয়েও ২০০ টাকা আয় করতে পারেননি। আরও এক-দুই দিন বৃষ্টি হলে সংসার চালানো কঠিন হয়ে পড়বে।
এ বিষয়ে নাচোল উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সন্দীপনা সরকার বলেন, চলতি আমন মৌসুমে নাচোল উপজেলায় ২২ হাজার ১২৫ হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় এবার ভালো ফলনের আশা রয়েছে। এখন পর্যন্ত যে পরিমাণ বৃষ্টি হয়েছে, তা আর না বাড়লে তেমন ক্ষয়ক্ষতির আশঙ্কা নেই। তবে বৃষ্টি দীর্ঘস্থায়ী হলে কৃষকেরা কিছুটা লোকসানের মুখে পড়তে পারেন।
২২ নভেম্বর ২০২৬




