চাঁপাইনবাবগঞ্জনাচোলনির্বাচিত

চাঁপাইনবাবগঞ্জে পৃথক ঘটনায় শিশু ও কৃষকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক ও নাচোল প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জে পৃথক ঘটনায় পানিতে ডুবে ১২ বছরের এক শিশু এবং ধানের জমিতে পানি দিতে গিয়ে অসুস্থ হয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় খাড়িতে গোসল করতে নেমে বায়েজিদ (১২) নামে এক শিশুর মৃত্যু হয়। দুপুর দেড়টার দিকে অগ্রণী সেচ প্রকল্পের নালার পাশের একটি খাড়িতে গোসল করতে নেমে সে পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা দুপুর আড়াইটার দিকে খাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করেন।

বায়েজিদ সদর উপজেলার গনকা মহল্লার নওশাদ আলীর ছেলে। সদর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক জানান, আইনি প্রক্রিয়া শেষে বায়েজিদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

অন্যদিকে, একই দিন বিকেলে নাচোল উপজেলায় ধানের জমিতে পানি দিতে গিয়ে শাহাজালাল (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বিকেল ৩টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বেচন্দা গ্রামের পাশের একটি গভীর নলকূপের আওতাধীন জমিতে পানি দিতে বাড়ি থেকে বের হন তিনি। সন্ধ্যা পেরিয়ে গেলেও বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা তাঁর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেন। ফোন রিসিভ না করায় তাঁরা জমিতে খোঁজ নিতে যান। সেখানে ধানের জমির আইলে শাহাজালালকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়দের সহযোগিতায় তাঁকে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত শাহাজালাল নাচোল পৌর এলাকার মাস্টারপাড়ার বাসিন্দা। তিনি ফজলুল হক (হাতিমুল মাস্টার) এর ছেলে।

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ জানান, পুলিশ এ বিষয়ে খবর পেয়েছে। কর্তব্যরত চিকিৎসকের প্রাথমিক ধারণা, স্ট্রোক বা হার্ট অ্যাটাকের কারণে শাহাজালালের মৃত্যু হয়ে থাকতে পারে।

Related Articles

Back to top button