ক্যাটনিসের ভূমিকায় ফিরছেন জেনিফার লরেন্স, সঙ্গে জশ ও উডি

বিনোদন ডেক্স : হলিউডের জনপ্রিয় চলচ্চিত্র সিরিজ ‘দ্য হাঙ্গার গেমস’-এর আইকনিক চরিত্র ক্যাটনিস এভারডিনের ভূমিকায় আবারও পর্দায় ফিরছেন অস্কারজয়ী মার্কিন অভিনেত্রী জেনিফার লরেন্স। তাঁর সঙ্গে ফিরছেন পুরোনো সহশিল্পী জশ হাচারসন ও উডি হ্যারেলসন। আসন্ন চলচ্চিত্র ‘দ্য হাঙ্গার গেমস: সানরাইজ অন দ্য রিপিং’-এ তাঁদের একসঙ্গে দেখা যাবে।
বুধবার (২৮ অক্টোবর) অ্যালেক্স কুপারের জনপ্রিয় পডকাস্ট ‘কল হার ড্যাডি’-তে অংশ নিয়ে নিজের প্রত্যাবর্তনের বিষয়টি নিশ্চিত করেন জেনিফার লরেন্স। দীর্ঘদিন পর একই চলচ্চিত্রের সেটে পুরোনো সহশিল্পীদের সঙ্গে কাজের অভিজ্ঞতা জানাতে গিয়ে তিনি বলেন, এটি ছিল অবিশ্বাস্য ও আবেগঘন। একই কলাকুশলী, ক্যামেরা দল ও সহকারী পরিচালকের সঙ্গে আবার কাজ করার অভিজ্ঞতাও তাঁর কাছে ছিল বিশেষ কিছু। জশ হাচারসন ও উডি হ্যারেলসনের সঙ্গে পুনর্মিলনকে সুন্দর অভিজ্ঞতা হিসেবে বর্ণনা করেন তিনি।
২০১৫ সালে মুক্তি পাওয়া ‘দ্য হাঙ্গার গেমস: মকিংজে পার্ট টু’-এর পর আবারও ক্যাটনিসের চরিত্রে ফিরছেন লরেন্স। এর আগে চলতি বছরের জানুয়ারিতে ‘হ্যাপি স্যাড কনফিউজড’ পডকাস্টে চরিত্রটিতে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন তিনি। তবে এবারই প্রথম প্রত্যাবর্তনের বিষয়টি সরাসরি নিশ্চিত করলেন।
লেখিকা সুজান কলিন্সের একই নামের উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে ‘দ্য হাঙ্গার গেমস: সানরাইজ অন দ্য রিপিং’। উপন্যাসটি ২০২৫ সালে প্রকাশিত হয়। মূল কাহিনির ২৪ বছর আগের প্রেক্ষাপটে নির্মিত এই চলচ্চিত্রে তুলে ধরা হয়েছে ৫০তম হাঙ্গার গেমসে তরুণ হেইমিচ অ্যাবারনাথির টিকে থাকার লড়াই। ১৬ বছর বয়সী হেইমিচের চরিত্রে অভিনয় করছেন জোসেফ জাদা।
মূল কাহিনিতে ক্যাটনিস ও পিটা মেলার্কের উপস্থিতি না থাকলেও উপন্যাসের শেষাংশে সময়ের ব্যবধান পেরিয়ে তাঁদের সঙ্গে বয়োবৃদ্ধ হেইমিচের কথোপকথন রয়েছে। ধারণা করা হচ্ছে, চলচ্চিত্রেও সেই অংশের মধ্য দিয়ে জেনিফার লরেন্স ও জশ হাচারসনকে দেখা যাবে। উডি হ্যারেলসনও ফিরছেন হেইমিচের পরিচিত চরিত্রে।
ফ্রান্সিস লরেন্স পরিচালিত চলচ্চিত্রটির চিত্রনাট্য লিখেছেন বিলি রে। এতে আরও অভিনয় করেছেন র্যালফ ফাইনস, জেসি প্লেমনস, এল ফ্যানিং, ম্যাকেনা গ্রেস, হুইটনি পিক, কেলভিন হ্যারিসন জুনিয়র, মায়া হক, বিলি পোর্টার, গ্লেন ক্লোজ ও কিয়েরান কালকিন। আগামী ২০ নভেম্বর বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে চলচ্চিত্রটির।