লালপুর (নাটোর) প্রতিবেদক :
নাটোরের লালপুরে বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে নূর ইসলাম (১ বছর ৮ মাস) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) বিকেলে উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের নওসারা সুলতানপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নূর ইসলাম ওই গ্রামের মো. রাকিব সরদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেল ৩টার দিকে বাড়ির উঠানে খেলাধুলার একপর্যায়ে সবার অগোচরে বাইরে চলে যায় শিশুটি। দীর্ঘক্ষণ তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির দক্ষিণ পাশে প্রতিবেশী মো. মুরাদ সরদারের পুকুরে শিশুটি পড়ে গেছে বলে সন্দেহ হয়।
পরে খবর পেয়ে লালপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। তল্লাশির একপর্যায়ে বিকেল ৫টার দিকে পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্যরা।
লালপুর থানা-পুলিশ জানায়, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।




