চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ :
ডেঙ্গু প্রতিরোধ, জনসচেতনতা বৃদ্ধি ও মশক নিধনে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৫টি ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত রয়েছে। ছুটির দিন ছাড়া প্রতিদিনই এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছে পৌর কর্তৃপক্ষ।
জেলা প্রশাসন গঠিত আটটি টিমের অভিযানের অংশ হিসেবে বুধবার বিকেলে ৮ নম্বর টিম পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বালিগ্রাম, রামকৃষ্টপুর ও চক্ষু হাসপাতাল এলাকার আশপাশে পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম চালায়।
অভিযানকালে স্প্রে মেশিনে কীটনাশক ছিটানো, ফগার মেশিনের মাধ্যমে ওষুধ প্রয়োগ এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
৮ নম্বর টিমের লিডার ও পৌরসভার কর নির্ধারক মো. এনামুল হক অভিযানে নেতৃত্ব দেন। এ সময় টিমের অন্যান্য সদস্য, স্কাউট ও রেড ক্রিসেন্টের সদস্য এবং পৌরসভার কর্মচারীরা অংশ নেন।
এনামুল হক বলেন, ডেঙ্গুর ঝুঁকি কমাতে জেলা প্রশাসনের উদ্যোগে পৌরসভার প্রতিটি ওয়ার্ডে নিয়মিত মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি নাগরিকদেরও নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে হবে। সম্মিলিত সচেতনতা ও উদ্যোগের মাধ্যমে ডেঙ্গুর বিস্তার রোধ সম্ভব।




