গোমস্তাপুরে সংখ্যালঘু পরিবারের বসতভিটা দখলের চেষ্টার অভিযোগ

*গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিবেদক :*
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের মেহেরপুর গ্রামে একটি হিন্দু পরিবারের দীর্ঘদিনের বসতভিটা দখল ও বাড়িঘর ভেঙে দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছে পরিবারটি।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই পরিবারটি প্রায় ৪৫ থেকে ৫০ বছর ধরে মেহেরপুর গ্রামের একটি জমিতে বসবাস করে আসছে। এটিই তাদের একমাত্র বসতভিটা। সম্প্রতি হাসনে বানু ওরফে মর্জিনা বেগমসহ কয়েকজন ওই বসতবাড়ির সীমানার মধ্যে থাকা প্রায় দুই কাঠা জমির মালিকানা দাবি করে বাড়িঘর ভেঙে জায়গাটি দখলের চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
এদিকে, আদালতের প্রতিনিধি পরিচয় দেওয়া আক্তারুল ইসলামের কাছে সাংবাদিকরা উচ্ছেদসংক্রান্ত নোটিশ দেখতে চাইলে তিনি একটি ঘষামাজা করা নোটিশ দেখান বলে জানা গেছে। নোটিশটির সত্যতা ও বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট আদালত বা কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।
ভুক্তভোগী অমিত কর্মকার, রঞ্জিত ও হাবু কর্মকার জানান, প্রায় ৫০ বছর ধরে তাঁরা ওই বাড়িতে বসবাস করছেন। সেখানে ছাড়া তাঁদের অন্য কোথাও জমি বা থাকার জায়গা নেই। তাঁরা বলেন, জমির প্রকৃত মালিক ন্যায্য মূল্যে জমি বিক্রি করতে চাইলে তাঁরা তা কিনতে আগ্রহী। তবে তাঁদের একমাত্র বসতভিটা থেকে উচ্ছেদ করা হলে পরিবারটি চরম বিপাকে পড়বে।
স্থানীয় বাসিন্দাদের মতে, জমির মালিকানা নিয়ে কোনো বিরোধ থাকলে তা আইনগতভাবে নিষ্পত্তি হওয়া প্রয়োজন। এ ক্ষেত্রে জোরপূর্বক বাড়িঘর ভাঙা বা দখলের চেষ্টা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি করতে পারে।
ভুক্তভোগী পরিবারটি বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে।




