গোমস্তাপুরচাঁপাইনবাবগঞ্জসংবাদ

গোমস্তাপুর সীমান্তে ৭ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ

গোমস্তাপুরের চাড়ালডাংগা সীমান্তে ভোরে ঘটনা, ১৬ বিজিবির তাৎক্ষণিক তৎপরতায় বাংলাদেশে প্রবেশ করতে পারেনি ৭ জন

নিজস্ব প্রতিবেদক | গোমস্তাপুর :

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের চাড়ালডাংগা সীমান্ত দিয়ে ৭ জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির তাৎক্ষণিক তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।

নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) শুক্রবার (২৪ জুলাই) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার সকাল আনুমানিক সাড়ে ৬টার দিকে চাড়ালডাংগা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ২১৯/২৪-আর সংলগ্ন এলাকা দিয়ে ভারতের ১২ ব্যাটালিয়ন বিএসএফের টিলাশন ক্যাম্পের সদস্যরা ৭ জন পুরুষকে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেওয়ার (পুশ-ইন) চেষ্টা করে।

সংবাদ পেয়ে চাড়ালডাংগা বিওপির বিজিবির টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সীমান্তের শূন্য লাইনের ভারতীয় অংশে অবস্থানরত ওই ব্যক্তিদের শনাক্ত করে। এরপর তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দেওয়া হয় এবং সীমান্তের নিকটবর্তী কাঁটাতারবিহীন অংশ দিয়ে ভারতীয় ভূখণ্ডে ফেরত পাঠানো হয়।

বিজিবি জানিয়েছে, সীমান্তে সার্বক্ষণিক নজরদারি জোরদার রয়েছে। যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও পুশ-ইনের চেষ্টা প্রতিহত করতে সীমান্তে দায়িত্বপ্রাপ্ত সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন।

Related Articles

Back to top button