শিবগঞ্জ সীমান্তে ৩৬টি ভারতীয় মোবাইল ও ৪০ টন পাথরসহ ট্রাক জব্দ, আটক ১
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিবেদক :
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ৩৬টি ভারতীয় চোরাই মোবাইল ফোন ও ৪০ টন পাথরসহ একটি ভারতীয় ট্রাক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ট্রাকচালককে আটক করা হয়েছে।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ৫৯ বিজিবির মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী আল-আমিন অপু এ তথ্য জানান।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত ১০টার দিকে ব্যাটালিয়ন অধিনায়কের নেতৃত্বে সোনামসজিদ বিওপির একটি টহলদল শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী মধ্যবাজার পাকা সড়কে অভিযান চালায়। এ সময় পাথরবোঝাই একটি ভারতীয় ট্রাক তল্লাশি করে পাথরের মধ্যে বিশেষভাবে লুকিয়ে রাখা ৩৬টি ভারতীয় ব্যবহৃত চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এ ঘটনায় ট্রাকচালক জসিম শেখ (২৭)কে আটক করা হয়। তিনি ভারতের মালদহ জেলার কালিয়াচক থানার জমিন শেখের ছেলে। এ সময় ৪০ টন পাথরসহ ভারতীয় ট্রাকটিও জব্দ করা হয়।
লে. কর্নেল কাজী আল-আমিন অপু বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষা, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে অপরাধমূলক কর্মকাণ্ড থেকে সুরক্ষিত রাখতে বিজিবি নিরলসভাবে কাজ করছে। সীমান্তে চোরাচালানসহ সব ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির কঠোর অবস্থান অব্যাহত থাকবে।




