সাড়ে ১১ মাসে ১৩ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ ১৬ বিজিবির
চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ প্রতিবেদক :
নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে চলতি বছরের সাড়ে ১১ মাসে ১৩ কোটি ২১ লাখ টাকার বেশি মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য জব্দ করেছে ১৬ বিজিবি। এ সময় ১৪১টি অভিযানে ৫৪ জনকে আটক করা হয়েছে।

বুধবার সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান ১৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৫ নভেম্বর পর্যন্ত ১১১ দশমিক ৫ কিলোমিটার সীমান্ত এলাকায় ১৫ হাজার ৫৮০টি টহল পরিচালনা করা হয়। এ সময় ১৩ কোটি ২১ লাখ ৭৭ হাজার ৪৯৮ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য জব্দ করা হয়। এর মধ্যে ৮ কোটি ৮৩ লাখ ৪৫ হাজার ৭৭৫ টাকা মূল্যের মাদকদ্রব্য রয়েছে।
জব্দ করা মাদকের মধ্যে রয়েছে ৩ হাজার ১৭৩ বোতল নেশাজাতীয় সিরাপ, ১ হাজার ৩১৮ পিস ইয়াবা, ৩ কেজি ৩৪৩ গ্রাম গাঁজা, ৮৮ হাজার ৮১২ পিস টাপেন্টাডল ট্যাবলেট, ১ দশমিক ৭৭৬ কেজি হেরোইন, ১ দশমিক ২৯০ কেজি ক্রিস্টাল মেথ, ১১০ বোতল ফেনসিডিল, ২১ বোতল ভারতীয় মদ ও ১১ লিটার বাংলা মদ।
সীমান্ত অপরাধ প্রতিরোধে স্থানীয় জনগণের অংশগ্রহণ বাড়াতে চলতি বছরে ৫৪০টি সচেতনতামূলক সভা করেছে বিজিবি। এসব সভায় মাদক পাচার, চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ এবং নারী ও শিশু পাচার প্রতিরোধে জনসচেতনতা তৈরির পাশাপাশি অপরাধের তথ্য দিয়ে বিজিবিকে সহযোগিতার আহ্বান জানানো হয়।
এ ছাড়া বেকার যুবক ও স্বল্প আয়ের মানুষের আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরিতে গত ৯ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত মোবাইল ফোন সার্ভিসিং ও রিপেয়ারিং প্রশিক্ষণের আয়োজন করা হয়।
১৬ বিজিবির অধিনায়ক জানান, সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং সীমান্তবর্তী জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।




