শিবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়ের মৃত্যু
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার মনাকষা ইউনিয়নের হাউসনগর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন ওই গ্রামের বকুল হোসেনের স্ত্রী মোসা. মিলি খাতুন (৪৫) এবং তাঁদের মেয়ে লিমা খাতুন (১৬)। লিমা মনাকষা বালিকা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।
নিহতদের নিকটাত্মীয় আব্দুল বাসির জানান, সকালে বাড়ির সামনে নিজেদের দোকানের গেট খুলতে যান মিলি। আগে থেকেই দোকানঘরটি বিদ্যুতায়িত হয়ে থাকায় দোকানের নিরাপত্তার জন্য স্থাপন করা একটি লোহার রডে হাত দিতেই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। মাকে বিদ্যুৎস্পৃষ্ট হতে দেখে তাঁকে বাঁচাতে এগিয়ে যায় মেয়ে লিমা। এ সময় সেও বিদ্যুৎস্পৃষ্ট হয়।
ঘটনাটি দেখে মিলির আট বছর বয়সী তৃতীয় মেয়ে লাবনী চিৎকার শুরু করলে স্থানীয়রা ছুটে আসেন। পরে তাঁরা মা ও মেয়েকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সকাল ৮টার দিকে দুজনকেই মৃত ঘোষণা করেন।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিউর রহমান জানান, মা ও মেয়ের মরদেহ বর্তমানে হাসপাতালে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।




