টানা ৯ দফা কমে দুই লাখ টাকার নিচে সোনার ভরি

পাঠকের কাগজ ডেস্ক : দেশের বাজারে সোনার দাম কমার ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। টানা নবম দফা দাম কমানোর ফলে দীর্ঘ প্রায় ১৩ মাস পর আবারও দুই লাখ টাকার নিচে নেমেছে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম।
বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৬ হাজার ১৮২ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা। রোববার (২২ নভেম্বর) থেকে সারা দেশে নতুন এ দর কার্যকর হয়েছে।
এর আগে শনিবার (২১ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে নতুন দাম ঘোষণা করে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং। এর ফলে মাত্র দুই দিনের ব্যবধানে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম কমেছে সর্বোচ্চ ১৭ হাজার ১৪৬ টাকা।
বাজুসের নির্ধারিত নতুন মূল্যতালিকায় ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৮৬ হাজার ২১৬ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৫৯ হাজার ৯৭২ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৩০ হাজার ৩৪৫ টাকা।
বাজুস জানিয়েছে, নির্ধারিত বিক্রয়মূল্যের সঙ্গে সরকারি ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে। ফলে ক্রেতাদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। তবে অলংকারের ডিজাইন অনুযায়ী মজুরি দিতে হবে।
এ ছাড়া মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে পুরোনো অলংকার বদলের ক্ষেত্রে ৯ শতাংশ এবং পুরোনো সোনা কেনার ক্ষেত্রে ১৫ শতাংশ বাদ দেওয়ার নিয়ম বহাল থাকবে।
বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১৪২ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৬৫ বার দাম বাড়ানো হয়েছে, ৭৬ বার কমানো হয়েছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে।
অন্যদিকে, ২০২৫ সালে মোট ৯৩ বার সোনার দাম সমন্বয় করা হয়েছিল। এর মধ্যে ৬৪ বার দাম বেড়েছিল এবং ২৯ বার কমেছিল।




