
নিজস্ব প্রতিবেদক, খুলনা :
সুন্দরবনের পূর্ব বন বিভাগের আলোরকোল ক্যাম্পের জামতলা এলাকায় অভিযান চালিয়ে হরিণ শিকারের প্রায় এক হাজার ফুট ফাঁদ উদ্ধার করেছে বন বিভাগ। সোমবার (২৩ নভেম্বর) সকালে বনরক্ষীদের এ অভিযানে কাউকে আটক করা যায়নি।
বন বিভাগ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোরে জামতলা খালের আশপাশে অভিযান চালান বনরক্ষীরা। এ সময় হরিণের চলাচলের পথ, গাছ ও ঝোপের আড়ালে নাইলনের রশি দিয়ে তৈরি অসংখ্য ফাঁদ পাওয়া যায়। প্রায় দুই ঘণ্টার অভিযানে ফাঁদগুলো উদ্ধার করে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।
দুবলা টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্ট রেঞ্জার মো. খলিলুর রহমান বলেন, জামতলা হরিণের অন্যতম বিচরণক্ষেত্র। সেখানে হরিণের চলাচলের পথ লক্ষ্য করে শিকারিরা ফাঁদ পেতেছিল। অভিযানে কাউকে আটক করা যায়নি।
সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী বলেন, হরিণ শিকার বন্ধে টহল জোরদার করা হয়েছে। অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।




