২০২৭ শিক্ষাবর্ষে স্কুলে ভর্তির আবেদন শুরু ১ ডিসেম্বর, প্রথম শ্রেণিতে লটারি ১৫ ডিসেম্বর
নিজস্ব প্রতিবেদক
২০২৭ শিক্ষাবর্ষে দেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তির আবেদন শুরু হচ্ছে আগামী ১ ডিসেম্বর। অনলাইনে আবেদন করা যাবে ১০ ডিসেম্বর পর্যন্ত। প্রথম শ্রেণিতে ভর্তির জন্য ডিজিটাল লটারি অনুষ্ঠিত হবে ১৫ ডিসেম্বর বেলা ১১টায়।
অন্যদিকে, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তির জন্য লিখিত পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) তৈরি করা ভর্তি-সংক্রান্ত খসড়া বিজ্ঞপ্তিতে এসব তথ্য উল্লেখ করা হয়েছে। বিজ্ঞপ্তিটি শিগগিরই অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশের কথা রয়েছে।
খসড়া বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৭ শিক্ষাবর্ষে দেশের সব সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে ডিজিটাল লটারির মাধ্যমে। দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে নেওয়া হবে লিখিত পরীক্ষা।
এতে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ক্যাচমেন্ট এরিয়া নির্ধারণের বিষয়েও নির্দেশনা রয়েছে। প্রতিটি বিদ্যালয়ের সংলগ্ন সর্বোচ্চ তিনটি প্রশাসনিক (পুলিশ) থানাকে সংশ্লিষ্ট বিদ্যালয়ের ক্যাচমেন্ট এরিয়া হিসেবে বিবেচনা করা হবে।
ভর্তি কার্যক্রমের প্রস্তুতির অংশ হিসেবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর তথ্য অনলাইনে আপলোড করতে হবে। এ জন্য আগামী ২০ থেকে ২৫ নভেম্বরের মধ্যে সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোকে নির্ধারিত সফটওয়্যারে প্রতিষ্ঠানের প্রয়োজনীয় তথ্য দেওয়ার নির্দেশনা রয়েছে।

খসড়া বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ১ ডিসেম্বর থেকে অনলাইনে ভর্তির আবেদন গ্রহণ শুরু হবে। ১০ ডিসেম্বর আবেদন গ্রহণ শেষ হওয়ার পর ১৫ ডিসেম্বর বেলা ১১টায় প্রথম শ্রেণিতে ভর্তির ডিজিটাল লটারি অনুষ্ঠিত হবে।
তবে আবেদন শুরুর তারিখ, লটারি এবং ভর্তি পরীক্ষার নিয়মসহ এসব নির্দেশনা এখনো খসড়া পর্যায়ে রয়েছে। মাউশির চূড়ান্ত বিজ্ঞপ্তি প্রকাশের পর ভর্তি কার্যক্রমের বিস্তারিত তথ্য নিশ্চিত হওয়া যাবে।




