চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

চাঁপাইনবাবগঞ্জ প্রতিবেদক :
চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১০টায় কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল।
বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী, পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. সেরাজ উদ্দীন এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. হাকিমুল হাসান সিদ্দিকী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বলেন, কলেজের শিক্ষার পরিবেশ ও ঐতিহ্য বজায় রেখে শিক্ষার্থীদের জ্ঞান, মেধা ও মননে সমৃদ্ধ করে গড়ে তোলাই তাঁদের লক্ষ্য। এ জন্য তিনি শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিত থাকার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল বলেন, শুধু ভালো ফলাফল নয়, নৈতিকতা, সততা, শৃঙ্খলা ও দেশপ্রেমের চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। উচ্চশিক্ষার পাশাপাশি জ্ঞান, দক্ষতা ও মানবিক মূল্যবোধ অর্জনের ওপর গুরুত্ব দিয়ে তিনি শিক্ষার্থীদের স্বপ্ন দেখা এবং তা বাস্তবায়নে কঠোর পরিশ্রমের আহ্বান জানান।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে গান, নাচসহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।




