বিজ্ঞাপন
For Advertisement: 01763639922
কৃষিশিবগঞ্জ

শিবগঞ্জের ঘোড়াদহ বিলে খাল বেদখল, অনাবাদি হাজার বিঘা জমি

পানি নিষ্কাশন না হওয়ায় রবিশস্য আবাদে বিপাকে কৃষকরা

For Advertisement: 01763639922

মোহা. সফিকুল ইসলাম, শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ)

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ঘোড়াদহ বিলে খনন করা খাল বেদখল হয়ে যাওয়ায় পানি নিষ্কাশন ব্যাহত হচ্ছে। এতে বিপুল পরিমাণ জমি অনাবাদি পড়ে রয়েছে। পাশাপাশি জমিতে পানি জমে থাকায় রবিশস্য আবাদ করতে পারছেন না কৃষকরা। ফলে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় কৃষকরা।

সরেজমিনে গিয়ে কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, শহীদ জিয়াউর রহমানের শাসনামলে ঘোড়াদহ বিল থেকে আমোতু ডাড়া পর্যন্ত প্রায় ৫০ ফুট প্রশস্ত ও চার কিলোমিটার দীর্ঘ একটি খাল খনন করা হয়। এতে বিলের পানি নিষ্কাশন সহজ হওয়ায় কৃষকরা উপকৃত হতেন। কিন্তু পরবর্তী সময়ে খালের বিভিন্ন অংশ দখল হয়ে যাওয়ায় পানি প্রবাহের পথ বন্ধ হয়ে যায়। ফলে বর্ষা মৌসুমে বিলের পানি সময়মতো নিষ্কাশন হচ্ছে না।

কৃষকরা জানান, সম্প্রতি কানসাট স্লুইসগেট খুলে দেওয়ায় বিলের কিছু জমির পানি নিষ্কাশন হয়েছে। এতে কিছু জমি চাষাবাদের উপযোগী হলেও খালের মুখ বন্ধ থাকায় অনেক জমি এখনো অনাবাদি রয়েছে। আবার কিছু জমিতে পানি জমে থাকায় রবিশস্য আবাদ করতে গিয়ে বিপাকে পড়েছেন তারা।

শ্যামপুর ইউনিয়নের উমরপুর গ্রামের কৃষক জামাল উদ্দিন বলেন, বিলে তাঁর চার বিঘা জমি রয়েছে। পানি ঠিকমতো নিষ্কাশন না হওয়ায় বছরে শুধু বোরো ধান আবাদ করতে পারেন। খালের জমি উদ্ধার করে পুনরায় খনন করা হলে ধানসহ রবিশস্য ও অন্যান্য ফসল মিলিয়ে বছরে তিনটি ফসল উৎপাদন সম্ভব হবে।

কৃষক হেলাল উদ্দিন খালের জমি পুনরুদ্ধার করে পুনরায় খননের জন্য সরকারের প্রতি দাবি জানান। কৃষক জেমরুল ইসলাম বলেন, কৃষকদের স্বার্থে খনন করা খাল দখল হয়ে যাওয়ায় তারা চাষাবাদে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

কৃষক রেজাউল হক জানান, বিলে বেশ কয়েকটি গভীর নলকূপ রয়েছে। এগুলোর আওতায় বিস্তীর্ণ জমি চাষাবাদের উপযোগী। কিন্তু বর্ষায় বিল ডুবে যাওয়া এবং পানি নিষ্কাশন না হওয়ায় বছরে মাত্র একটি ফসল আবাদ করতে পারছেন কৃষকরা। দ্রুত খালের জমি উদ্ধার ও পুনঃখননের দাবি জানান তিনি। এ সময় উপস্থিত আরও কয়েকজন কৃষক একই দাবি জানান।

এ বিষয়ে মোবারকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাহমুদুল হক হায়দারী বলেন, খালটি পুনরুদ্ধার ও পুনঃখননের জন্য পরিকল্পনা তৈরি করে ঢাকায় পাঠানো হয়েছে। শিগগিরই এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে আশা করছেন তিনি।

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম বলেন, বিষয়টি আগে তাঁর জানা ছিল না। এখন অবহিত হয়েছেন। জরুরি ভিত্তিতে সহকারী কমিশনারকে (ভূমি) ঘটনাস্থলে পাঠিয়ে তদন্তের মাধ্যমে কৃষকদের বৃহত্তর স্বার্থে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় সহকারী প্রকৌশলী কাউসার আলী বলেন, বিষয়টি তাঁরা অবহিত হয়েছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে খালটি পুনরায় খনন এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা করে জমিগুলো চাষাবাদের উপযোগী করার উদ্যোগ নেওয়া হবে।

For Advertisement: 01763639922
For Advertisement: 01763639922

Related Articles

For Advertisement: 01763639922
Back to top button