বুলু মিয়ার স্মরণে চেম্বারের স্মরণসভা ও দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ :
চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক পরিচালক কৃষিবিদ কামরুল আরেফিন বুলু মিয়ার স্মরণে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার ভবনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চেম্বারের সভাপতি আব্দুল ওয়াহেদ।
স্মরণসভায় বক্তারা স্থানীয় ব্যবসা-বাণিজ্য, কৃষি ও সামাজিক কর্মকাণ্ডে কামরুল আরেফিন বুলুর অবদানের কথা স্মরণ করেন। তাঁরা বলেন, ব্যবসায়ী পরিচয়ের পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও মানবিক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থেকে মানুষের কল্যাণে কাজ করেছেন। তাঁর মৃত্যুতে চাঁপাইনবাবগঞ্জের ব্যবসায়ী সমাজ একজন অভিভাবককে হারিয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চেম্বারের সহসভাপতি আখতারুল ইসলাম রিমন, পরিচালক মফিজ উদ্দিন ও মনিরুল ইসলাম, সোনামসজিদ আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক আরিফ উদ্দিন ইতি, ডায়াবেটিক সমিতির সভাপতি অ্যাডভোকেট সোলাইমান বিশু, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মাওলানা আব্দুল মতিনসহ ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা।
স্মরণসভা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
উল্লেখ্য, কামরুল আরেফিন বুলু গত রোববার (১৫ নভেম্বর) বিকেলে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। তিনি জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলেন।




