শিক্ষাবিদ মার্জিনা হকের সপ্তম মৃত্যুবার্ষিকী পালন

চাঁপাইনবাবগঞ্জে কল্যাণী মহিলা সংসদের প্রতিষ্ঠাতা সম্পাদক ও বিশিষ্ট শিক্ষাবিদ মার্জিনা হকের সপ্তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে রোববার (২২ নভেম্বর) বিকেলে শহরের কোর্ট বাগান এলাকায় কল্যাণী মহিলা সংসদের নিজস্ব মিলনায়তনে স্মরণসভার আয়োজন করা হয়। সংগঠনটির প্রতিষ্ঠাতার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে মিলনায়তনটির নামকরণ করা হয়েছে ‘মার্জিনা হক মিলনায়তন’।
স্মরণসভায় বক্তারা মার্জিনা হকের কর্মময় জীবন, শিক্ষার প্রসার এবং নারী উন্নয়নে তাঁর অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, শিক্ষা বিস্তার ও সমাজসেবায় তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে। তাঁর আদর্শ ও কর্ম আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে।
স্মরণসভায় বক্তব্য দেন কল্যাণী মহিলা সংসদের সাধারণ সম্পাদক ও মাসুদ উল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকসানা আহমদ, নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লতিফা হক, পোলাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ারা খাতুন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ফারুক বেগম, সেলিনা হাফিজ ও অ্যাডভোকেট আঞ্জুমান আরা প্রমুখ।
উল্লেখ্য, মার্জিনা হক ১৯৪২ সালের ১৫ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। ২০১৯ সালের ২২ নভেম্বর তিনি মৃত্যুবরণ করেন। তাঁর প্রয়াণের সাত বছর পূর্তি উপলক্ষে এ স্মরণসভার আয়োজন করা হয়।




