
মো. আইয়ুব আলী, লালপুর (নাটোর) প্রতিবেদক : সমাজের প্রচলিত স্বার্থপরতার বাইরে গিয়ে নীরবে মানুষের সেবা করে চলেছেন নাটোরের লালপুর উপজেলার পশ্চিম গোসাইপুর গ্রামের ফরিদ হোসেন (৪০)। এলাকায় তিনি ‘নুরা পাগলা’ নামে পরিচিত। দীর্ঘ দুই যুগ ধরে স্মৃতিফলক পরিষ্কার, বৃক্ষরোপণ ও পরিচয়হীন মরদেহ দাফনের মতো মানবিক কাজ করে আসছেন তিনি।
ফরিদ হোসেন মৃত মজিবর রহমানের ছেলে। ২০০৩ সাল থেকে প্রতিদিন সকাল ও সন্ধ্যায় সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা ও মরণোত্তর একুশে পদকপ্রাপ্ত শহীদ মমতাজ উদ্দিনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর স্মৃতিফলক নিজ উদ্যোগে পরিষ্কার করে আসছেন ফরিদ। কোনো নির্দেশনা বা আর্থিক সহায়তা ছাড়াই শ্রদ্ধা ও ভালোবাসা থেকে দীর্ঘদিন ধরে কাজটি করে যাচ্ছেন তিনি।
পরিবেশের প্রতিও রয়েছে তাঁর বিশেষ ভালোবাসা। নিজ হাতে রোপণ ও পরিচর্যা করে বড় করেছেন ১৫টি গাছ। এসব গাছের মধ্যে রয়েছে পাইকড়, আমড়া ও বটগাছ। তাঁর এই উদ্যোগ স্থানীয় পরিবেশে ছায়া ও সবুজের পরিসর বাড়িয়েছে।
তবে ফরিদ হোসেনের মানবিক কাজের সবচেয়ে হৃদয়স্পর্শী দিক আব্দুলপুর রেলওয়ে স্টেশনকেন্দ্রিক। স্টেশন বা আশপাশে ট্রেনে কাটা পড়ে কিংবা দুর্ঘটনায় কেউ মারা গেলে এবং তাঁর স্বজন বা ওয়ারিশের সন্ধান না পাওয়া গেলে মরদেহ দাফনের উদ্যোগ নেন তিনি। নিজের দায়িত্ববোধ থেকে পরিচয়হীন এসব মানুষের শেষ বিদায়ের ব্যবস্থা করেন।
ফরিদ হোসেনের কাজের প্রশংসা করেছেন চংধুপাইল ইউনিয়নের সাবেক সদস্য আব্দুস সামাদ, কবি জাহাঙ্গীর আলম শাহীন ও খোরশেদ। তাঁদের মতে, তাঁর এই নিঃস্বার্থ উদ্যোগ সমাজের অন্যদের জন্য অনুকরণীয়। তাঁরা মনে করেন, বিত্তবান ব্যক্তি ও প্রতিষ্ঠান সহযোগিতার হাত বাড়ালে ফরিদ আরও বড় পরিসরে মানবসেবায় ভূমিকা রাখতে পারবেন।
নিজের কাজ সম্পর্কে ফরিদ হোসেন বলেন, “এই কাজগুলো করতে আমার ভালো লাগে।” দীর্ঘদিন ধরে এসব কাজ করলেও এখন পর্যন্ত কোনো প্রাতিষ্ঠানিক সহযোগিতা পাননি বলে জানান তিনি। বরং অনেকের উপহাসের শিকার হয়েছেন। তবু থেমে যাননি।
সমাজের চোখে যিনি ‘নুরা পাগলা’, তাঁর কাজগুলোই যেন মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত। পরিচয়হীন মানুষের শেষ বিদায় থেকে শুরু করে পরিবেশের যত্ন—সবকিছুতেই তাঁর নিঃস্বার্থ উদ্যোগ মনে করিয়ে দেয়, মানুষের পাশে দাঁড়াতে বড় পরিচয় কিংবা সামর্থ্যের চেয়ে বড় প্রয়োজন একটি মানবিক মন।



