চাঁপাইনবাবগঞ্জসংগঠন সংবাদসংবাদ

শিশু সুরক্ষা বিষয়ে চাঁপাইনবাবগঞ্জে দুই দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আমনুরা লুথারেন মিশন হাসপাতাল ট্রেনিং সেন্টারে শিশু সুরক্ষা ও নিরাপত্তা বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
দাতা সংস্থা মেনোনাইট সেন্ট্রাল কমিটি (এমসিসি) বাংলাদেশ-এর সহযোগিতায় ন্যাশনাল এজেন্সি ফর গ্রিন রেভ্যুলেশন (NAGR) বাস্তবায়িত “মাতৃভাষার মাধ্যমে বহুভাষা শিক্ষা কার্যক্রম”-এর আওতায় ২২ ও ২৩ জুলাই এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
প্রশিক্ষণে প্রকল্পের আওতাধীন ২০টি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের প্রধান প্রশিক্ষক ছিলেন এমসিসি বাংলাদেশ-এর প্রোগ্রাম অফিসার জেমস কিস্কু। সহযোগিতা করেন NAGR-এর প্রোগ্রাম ম্যানেজার প্রদীপ হেমব্রম ও স্কুল সুপারভাইজার নেলসন হাঁসদা।

প্রশিক্ষণে শিশু সুরক্ষা নীতিমালা বাস্তবায়ন, শিশুদের নিরাপত্তা নিশ্চিতকরণ, পেশাগত আচরণবিধি, শিশুদের প্রতি সহিংসতা, নির্যাতন ও শোষণ প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি ব্যবহারিক অনুশীলন, দলীয় আলোচনা ও মতবিনিময়ের মাধ্যমে বিদ্যালয়ে শিশুদের জন্য নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও সহায়ক শিক্ষার পরিবেশ তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়।

NAGR-এর প্রোগ্রাম ম্যানেজার প্রদীপ হেমব্রম জানান, সংস্থাটি রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলার চারটি উপজেলায় ২০টি সাঁওতালি ভাষার প্রাক-প্রাথমিক বিদ্যালয় পরিচালনা করছে। এছাড়াও শান্তি স্থাপন, বাল্যবিবাহ ও মাদকবিরোধী সচেতনতা, শিক্ষা ও প্রাথমিক স্বাস্থ্য সচেতনতা নিয়ে কাজ করছে।
তিনি বলেন, এ ধরনের প্রশিক্ষণ শিক্ষক-শিক্ষিকাদের শিশু সুরক্ষা বিষয়ে সচেতনতা ও দক্ষতা বাড়াবে এবং বিদ্যালয়ে শিশুদের জন্য নিরাপদ ও ইতিবাচক শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

Related Articles

Back to top button