চাঁপাইনবাবগঞ্জ সাধারণ পাঠাগারের সাধারণ সভা ২৭ জুলাই

নিজস্ব প্রতিবেদক
চাঁপাইনবাবগঞ্জ সাধারণ পাঠাগারের সাধারণ সভা আগামী ২৭ জুলাই অনুষ্ঠিত হবে। সোমবার বিকেল ৫টায় পাঠাগারের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
পাঠাগারের সভাপতি ও জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে।
নোটিশে বলা হয়েছে, সভায় গত সাধারণ সভার সিদ্ধান্তসমূহ পাঠ ও অনুমোদন করা হবে। পাশাপাশি পাঠাগারের কার্যক্রম আরও সুষ্ঠু ও গতিশীলভাবে পরিচালনার লক্ষ্যে কার্যনির্বাহী পরিষদ গঠন বিষয়ে আলোচনা ও প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
সভায় পাঠাগারের সকল সম্মানিত সদস্যকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জ সাধারণ পাঠাগার দীর্ঘদিন ধরে জেলার সাহিত্য, সংস্কৃতি ও জ্ঞানচর্চার অন্যতম কেন্দ্র হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তবে দীর্ঘ সময় ধরে নানা সংকটে প্রতিষ্ঠানটির কার্যক্রম অনেকটাই স্থবির হয়ে পড়ে। সংশ্লিষ্টরা মনে করছেন, আসন্ন সাধারণ সভার মাধ্যমে পাঠাগারের কার্যক্রম পুনরুজ্জীবিত ও আরও গতিশীল করার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে।







