চাঁপাইনবাবগঞ্জে উল্টো রথযাত্রার মধ্য দিয়ে শেষ হলো শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব
১৬ জুলাই শুরু হওয়া উৎসবের সমাপ্তিতে শহরের সড়কে বর্ণিল রথযাত্রা, কীর্তন ও পূজা-অর্চনায় অংশ নেন শত শত ভক্ত

উল্টো রথযাত্রার মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জে শুক্রবার (২৪ জুলাই) শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা। গত ১৬ জুলাই শুরু হওয়া এই উৎসবের সমাপনী দিনে জেলার বিভিন্ন ধর্মীয় সংগঠন ও মন্দিরের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা এবং ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সনাতন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, জগন্নাথ অর্থ ‘জগতের নাথ’ বা ‘বিশ্বের অধীশ্বর’। ভক্তদের বিশ্বাস, জগন্নাথদেবের কৃপা লাভ করলে জন্ম-মৃত্যুর বন্ধন থেকে মুক্তি লাভ করা যায়। এই বিশ্বাসকে ধারণ করেই প্রতিবছর রথে জগন্নাথদেব, শুভদ্রা ও বলরামের প্রতিকৃতি স্থাপন করে রথযাত্রার আয়োজন করা হয়।
উল্টো রথযাত্রা উপলক্ষে শুক্রবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরে বর্ণিল সাজে সজ্জিত রথে জগন্নাথদেব, শুভদ্রা ও বলরামের প্রতিকৃতি নিয়ে শোভাযাত্রা বের হয়। ঢাক-ঢোল, কাঁসা, শঙ্খধ্বনি ও উলুধ্বনিতে মুখরিত হয়ে ওঠে শহরের বিভিন্ন সড়ক। ভক্তরা কীর্তন, নামসংকীর্তন ও পূজা-অর্চনায় অংশ নেন।
উত্তরবঙ্গ বৈষ্ণব সংঘ, হরেকৃষ্ণ সংঘ এবং চরজোতপ্রতাপ শিবতলা শিবমন্দিরের উদ্যোগে আয়োজিত পৃথক রথযাত্রা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নিজ নিজ মন্দিরে গিয়ে শেষ হয়। উৎসবে নারী, পুরুষ ও শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ধর্মীয় উৎসবটি প্রাণবন্ত হয়ে ওঠে।
আয়োজকদের মতে, শান্তিপূর্ণ পরিবেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এবারের রথযাত্রা উৎসব সফলভাবে সম্পন্ন হয়েছে।







