ভারতের পুনেতে যৌনপল্লি থেকে ৬ বাংলাদেশি নারী উদ্ধার

পাঠকের কাগজ ডেস্ক:
ভারতের মহারাষ্ট্র রাজ্যের পুনে শহরের বুধওয়ার পেথ এলাকার বিভিন্ন যৌনপল্লি থেকে ছয় বাংলাদেশি নারীকে উদ্ধার করেছে পুলিশ। চাকরির প্রলোভন দেখিয়ে তাঁদের ভারতে পাচারের পর যৌনপেশায় বাধ্য করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে। তাঁদের মধ্যে দুজনকে আটক করেছে পুলিশ। বাকি দুজন পলাতক রয়েছেন।
বুধবার (২৮ অক্টোবর) ভোরে পুনের বুধওয়ার পেথ এলাকার যৌনপল্লিগুলোতে অভিযান চালিয়ে ওই নারীদের উদ্ধার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে পুনে পুলিশের ফারাসখানা, বিশ্রামবাগ ও খড়ক থানার সদস্যদের সমন্বয়ে গঠিত একটি যৌথ দল এ অভিযান পরিচালনা করে।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, পুনে পুলিশের ডেপুটি কমিশনার অব পুলিশ (জোন-১) কৃষিকেশ রাওয়ালের নেতৃত্বে যৌথ দলটি এ অভিযান চালায়। পরে ফারাসখানা থানায় চারজনের বিরুদ্ধে মামলা করা হয়। তাঁদের মধ্যে দুজনকে আটক করা হয়েছে এবং অন্য দুজনকে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
পুলিশের এক কর্মকর্তার বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় চার মাস আগে ওই নারীদের বাংলাদেশ থেকে পুনেতে আনা হয়েছিল। তাঁদের কাছে বৈধ ভ্রমণসংক্রান্ত কাগজপত্র বা পরিচয়পত্র ছিল না। ভুক্তভোগীরা পুলিশকে জানিয়েছেন, দালালরা তাঁদের সীমান্ত পার হতে সহায়তা করে মুম্বাইসহ ভারতের বিভিন্ন শহরে ভালো বেতনের চাকরির প্রলোভন দেখিয়েছিল। কিন্তু পুনেতে নেওয়ার পর তাঁদের যৌনপল্লির পরিচালকদের কাছে বিক্রি করে দেওয়া হয়।
পুনের একই এলাকায় এর আগেও বাংলাদেশি নারী উদ্ধারের ঘটনা ঘটেছে। চলতি বছরের মার্চে বুধওয়ার পেথ এলাকার একটি যৌনপল্লি থেকে চার বাংলাদেশি নারীকে উদ্ধার করেছিল পুলিশ। তাঁদেরও চাকরির প্রলোভন দেখিয়ে ভারতে নিয়ে যৌনপেশায় বাধ্য করার অভিযোগ উঠেছিল।
সাম্প্রতিক এ ঘটনায় মানবপাচার চক্রের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত অব্যাহত রয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে জানানো হয়েছে।