নিজস্ব ইউটিউব চ্যানেল খুললেন নুসরাত ফারিয়া

চিত্রনায়িকা নুসরাত ফারিয়া এবার যুক্ত হলেন নতুন এক মাধ্যমে। বড় পর্দায় অভিনয় ও সামাজিক যোগাযোগমাধ্যমে সরব উপস্থিতির পর ভক্তদের সঙ্গে যোগাযোগ বাড়াতে নিজস্ব ইউটিউব চ্যানেল খুলেছেন তিনি।
সম্প্রতি আবেদনময়ী একটি ছবি প্রকাশ করে ক্যাপশনে ভক্তদের মন্তব্যের ঘর দেখার অনুরোধ জানান ফারিয়া। তাঁর এমন ইঙ্গিতপূর্ণ আহ্বানের পর পোস্টটি ঘিরে অনুসারীদের মধ্যে কৌতূহল তৈরি হয়। মন্তব্যের ঘরে এক নেটিজেন অভিনেত্রীর ভিডিও শেয়ার করার জন্য তাঁকে ধন্যবাদ জানিয়ে প্রশংসাও করেছেন।
নতুন ইউটিউব চ্যানেলে কী ধরনের ভিডিও বা কনটেন্ট প্রকাশ করবেন নুসরাত, তা নিয়ে অনুসারীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। চ্যানেলটির মাধ্যমে ভক্তদের জন্য কী চমক অপেক্ষা করছে, সেটিই এখন দেখার বিষয়।
২০১৫ সালে ‘আশিকী’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় নুসরাত ফারিয়ার। জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনার সিনেমাটি পরিচালনা করেন অশোক পতি। পরের বছর ‘বাদশা: দ্য ডন’ সিনেমায় অভিনয় করেন তিনি। বাবা যাদব পরিচালিত এই ছবিতে তাঁর সহশিল্পী ছিলেন ভারতের অভিনেতা জিৎ। সিনেমাটিতে অভিনয়ের জন্য বাংলাদেশ থেকে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে টেলি সিনে পুরস্কারও অর্জন করেন নুসরাত।

