বিনোদন

ভারতের চলচ্চিত্র উৎসবে নির্বাচিত বাংলাদেশের ‘রইদ’

ভারতের গোয়ায় অনুষ্ঠিতব্য ৫৭তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ায় (আইএফএফআই) নির্বাচিত হয়েছে বাংলাদেশের সিনেমা ‘রইদ’। মেজবাউর রহমান সুমন পরিচালিত সিনেমাটি উৎসবের ‘এমার্জিং ফিল্মমেকারস’ বিভাগে জায়গা করে নিয়েছে।

আগামী ২০ নভেম্বর উৎসবটির পর্দা উঠবে। গত রোববার এই বিভাগের নির্বাচিত সিনেমার তালিকা প্রকাশ করে উৎসব কর্তৃপক্ষ।

‘রইদ’ ছাড়াও এ বিভাগে নির্বাচিত হয়েছে ভ্যালেন্তিনা মরেলের ‘ফরএভার ইউর ম্যাটারনাল এনিম্যাল’, আরভিন বেলারমিনোর ‘রিয়া’, কনস্তান্তিনা কতজামানির ‘টাইটানিক ওশান’, জেলেনা মাক্সিমোভিচের ‘আনটিল দ্য ডে এন্ডস’, রিড ভ্যান ডিকের ‘অ্যাটনমেন্ট’, রাফিকি ফারিয়ালার ‘কঙ্গো বয়’, পি আর মনেচিল্লো পাতিন্দোলের ‘আই গ্রিউ অ্যান ইঞ্চ হোয়েন মাই ফাদার ডাইড’ এবং জেনিস লেনজের ‘ওয়াসিস’।

উৎসব কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, বিশ্বের বিভিন্ন প্রান্তের সম্ভাবনাময় ও দূরদর্শী তরুণ নির্মাতাদের স্বাধীন ও শক্তিশালী চলচ্চিত্র নির্মাণের দৃষ্টিভঙ্গিকে তুলে ধরতেই এ বিভাগ সাজানো হয়েছে।

এর আগে বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও জায়গা করে নিয়েছিল ‘রইদ’। অক্টোবরের প্রথম সপ্তাহে কানাডার মোজাইক ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে সিনেমাটি সেরা অভিনেত্রী, সেরা সিনেমাটোগ্রাফি ও সেরা মিউজিক বিভাগে তিনটি পুরস্কার অর্জন করে।

সিনেমাটিতে অভিনয় করেছেন নাজিফা তুষি, মোস্তাফিজুর নূর ইমরান, গাজী রাকায়েত ও আহসাবুল ইয়ামিন রিয়াদসহ অনেকে। গত কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়ে সিনেমাটি ব্যবসায়িক সাফল্যও পায়।

Back to top button