
রাজশাহী প্রতিনিধি
ভাষা আন্দোলনের অন্যতম সংগঠক এবং রাজশাহী কলেজে দেশের প্রথম শহীদ মিনার নির্মাণের অন্যতম উদ্যোক্তা ভাষাসৈনিক মোশাররফ হোসেন আখুঞ্জি মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (৯ নভেম্বর) বেলা আড়াইটার দিকে ঢাকার উত্তরার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর।
তিনি এক ছেলে, দুই মেয়ে, অসংখ্য স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন।
তাঁর মেজো মেয়ে খাইরুন্নাহার ওরফে সুচি সাংবাদিকদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ৩১ অক্টোবর অসুস্থ হয়ে পড়লে তাঁর বাবাকে ঢাকার একটি ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার রাতে মরদেহ ঢাকা থেকে রাজশাহীতে নেওয়া হবে। জানাজার সময় ও স্থান পরে জানানো হবে। পরিবারের পক্ষ থেকে তাঁর আত্মার মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।
১৯৫২ সালের ভাষা আন্দোলনে রাজশাহীতে অগ্রণী ভূমিকা পালন করেন মোশাররফ হোসেন আখুঞ্জি। ভাষা আন্দোলনের উত্তাল সময়ে পুলিশের বাধা উপেক্ষা করে সহযোদ্ধাদের নিয়ে রাজশাহী কলেজে শহীদ মিনার নির্মাণে উদ্যোগী হন তিনি। এটি দেশের প্রথম শহীদ মিনার হিসেবে পরিচিত।




