প্রতিমা বিসর্জনে শেষ হলো শ্যামাপূজার আয়োজন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিবেদক : ধর্মীয় আচার-অনুষ্ঠান, বর্ণিল আলোকসজ্জা ও প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জে উদযাপিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্যামাপূজা ও দীপাবলি। সোমবার বিকেল ও রাতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দুই দিনব্যাপী এ আয়োজনের সমাপ্তি ঘটে।
কার্তিক মাসের অমাবস্যা তিথি উপলক্ষে রোববার দিনভর বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে দেবী শ্যামার পূজা-অর্চনা করেন সনাতন ধর্মাবলম্বীরা। পূজাকে কেন্দ্র করে মন্দির ও পূজামণ্ডপগুলোতে ভক্তদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
পঞ্জিকা অনুযায়ী, রোববার বেলা ১১টা ৪৮ মিনিটে অমাবস্যা তিথি শুরু হয়ে সোমবার বেলা ১১টা ৪৫ মিনিটে শেষ হয়। হিন্দুধর্মীয় শাস্ত্র ও পুরাণ অনুসারে, দেবী কালী আদ্যাশক্তি মহামায়ার বিশেষ রূপ। অশুভ শক্তির বিনাশ ও শুভশক্তির প্রতিষ্ঠাই শ্যামাপূজার মূল তাৎপর্য।
অন্যদিকে, শ্যামাপূজার পাশাপাশি উদযাপিত হয় আলোর উৎসব দীপাবলি। এ উপলক্ষে সন্ধ্যায় বাড়িঘর, মন্দির ও বিভিন্ন স্থানে প্রদীপ প্রজ্বালন করেন সনাতন ধর্মাবলম্বীরা। প্রয়াত পিতা-মাতা, পূর্বপুরুষ ও স্বজনদের স্মরণেও অনেকে প্রদীপ জ্বালিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
জেলা পূজা উদযাপন পরিষদের সম্পাদক ধনঞ্জয় চ্যাটার্জি জানান, চাঁপাইনবাবগঞ্জে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে শ্যামাপূজা ও দীপাবলি উদযাপিত হয়েছে। সোমবার বিকেল ও রাতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে এবারের আয়োজন শেষ হয়।


