চাঁপাইনবাবগঞ্জে দোকানে দোকানে চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে দোকান ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা দাবি ও আদায়ের অভিযোগের প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় শহরের পিটিআই মোড়ে শিবতলা থেকে আরামবাগ স্বপ্নপুরী মোড় এলাকার দোকান ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে স্থানীয় দুটি ওয়ার্ডের দুই ইউপি সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় বক্তারা অভিযোগ করেন, এলাকার বিভিন্ন দোকানে গিয়ে চাঁদা দাবি ও আদায় করা হচ্ছে। এতে ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।
বক্তারা বলেন, চাঁদাবাজি, মাদকদ্রব্যের অপব্যবহারসহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়েছেন। এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে চাঁদাবাজি ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলা জরুরি। কোনো অপরাধী যেন অপরাধ করে পার পেয়ে না যায়, সে জন্য প্রশাসনের কার্যকর পদক্ষেপ প্রয়োজন।
তাঁরা চাঁদাবাজি ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অপরাধ প্রতিরোধে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং সাধারণ ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে তাঁরা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।



