চিকিৎসক সংকট দূরীকরণে সরকারের কাছে সুপারিশ করবেন হারুনুর রশীদ
জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জমির মো. হাসিবুস সাত্তারের হাতে জেলা পরিষদের পক্ষ থেকে ২৫০টি মশারি তুলে দেন হারুনুর রশীদ।

চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের চিকিৎসক সংকট নিরসন, সেবার মান বৃদ্ধি ও সামগ্রিক উন্নয়নে সরকারের কাছে জোরালো সুপারিশ করবেন বলে জানিয়েছেন জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ।
মঙ্গলবার (৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় জেলা হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে মশারি বিতরণকালে তিনি এ কথা জানান।
হারুনুর রশীদ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে স্বাস্থ্য খাতে ব্যাপক উন্নয়ন সাধিত হচ্ছে। দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে সরকার কাজ করে যাচ্ছে। তবে এ ক্ষেত্রে জনসাধারণকেও সচেতন হতে হবে। দিনে ও রাতে ঘুমানোর সময় মশারি ব্যবহার করতে হবে।
তিনি বলেন, জেলা পরিষদের পক্ষ থেকে আজ জেলা হাসপাতালে ভর্তি রোগীদের জন্য প্রায় ২৫০টি মশারি দেওয়া হয়েছে। প্রয়োজনে হাসপাতাল কর্তৃপক্ষ নিজস্ব ব্যবস্থাপনায় আরও মশারির ব্যবস্থা করবে। পাশাপাশি হাসপাতালের জনবল সংকট দূর করতেও আমরা চেষ্টা করছি।
এ সময় হাসপাতাল চত্বরে জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জমির মো. হাসিবুস সাত্তারের হাতে জেলা পরিষদের পক্ষ থেকে ২৫০টি মশারি তুলে দেন হারুনুর রশীদ।
অনুষ্ঠানে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ হাসনাত, ডা. ইসমাইল হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।



