শিবগঞ্জে সিএনসি ফার্নিচার কারখানায় অগ্নিকাণ্ড

শিবগঞ্জ প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুরে ‘হিলাল ফার্নিচার মার্ট’ নামে একটি সিএনসি ফার্নিচার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কারখানার যন্ত্রপাতি ও মালামাল পুড়ে প্রায় ২২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন মালিক মো. রায়হান আলী।
রোববার (১ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে বিনোদপুর গ্রামীণ ব্যাংকের পাশে ডা. সানাউল্লাহর মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত ২টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে কারখানাটিতে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে এবং কারখানার বিভিন্ন মালামাল পুড়ে যায়।
শিবগঞ্জ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. রফিকুল ইসলাম জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে রাত সোয়া ৩টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিক হিসাবে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এবং প্রায় ৫ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাজহারুল ইসলাম জানান, ক্ষতিগ্রস্ত ব্যক্তি লিখিত আবেদন করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।



