নাচোলে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা রমজান আলীর দাফন সম্পন্ন
*মোঃ মনিরুল ইসলাম, নাচোল :*
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা রমজান আলীকে দাফন করা হয়েছে।
সোমবার (২ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার নেজামপুর ইউনিয়নের ফুলকুড়ি বাজার এলাকার বাসিন্দা রমজান আলীকে পুকুরিয়াপাড়া বরেন্দা জসিমউদ্দিন হাফিজিয়া ও নূরানী মাদ্রাসা প্রাঙ্গণে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দাস।
জাতীয় পতাকায় আচ্ছাদিত মরহুমের মরদেহে পুষ্পমাল্য অর্পণ করা হয়। নাচোল থানা পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। এ সময় বিউগলে করুণ সুর বাজানো হয়। পরে এক মিনিট নীরবতা পালন শেষে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাঁকে কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়।
গার্ড অব অনার অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দাস, নাচোল থানার উপপরিদর্শক (এসআই) খাইরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা এরফান আলী (কমান্ডার), হাসান আলী, আলহাজ্ব আলাউদ্দিন, মোশারফ হোসেন, নেজামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী নাসিরুল ইসলাম, আবু বাক্কারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মুক্তিযোদ্ধার সন্তানদের হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দাস।
মৃত্যুকালে বীর মুক্তিযোদ্ধা রমজান আলীর বয়স হয়েছিল ৮০ বছর। বার্ধক্যজনিত কারণে রোববার (১ নভেম্বর) নিজ বাসভবনে তিনি মৃত্যুবরণ করেন। তিনি চার ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।




