সারা দেশ

দেশে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগের পরিকল্পনা সরকারের: স্বাস্থ্যমন্ত্রী

নরসিংদী প্রতিনিধি: প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং নারীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে দেশে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগের পরিকল্পনার কথা জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

শুক্রবার নরসিংদীর মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অসহায় ও দুস্থ নারী, কর্মজীবী নারী এবং জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, নিয়োগপ্রাপ্ত মিডওয়াইফরা দেশের প্রত্যন্ত অঞ্চলে নারীদের স্তন ও জরায়ুমুখের ক্যানসারসহ বিভিন্ন জটিল রোগের প্রাথমিক লক্ষণ শনাক্তকরণ, স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদানে কাজ করবেন।

অনুষ্ঠান শেষে ৩০০ জন সুবিধাভোগীর মধ্যে সেলাই মেশিন ও ফলজ গাছের চারা বিতরণ করেন মন্ত্রী।

মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহামুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা লাইলাতুল হোসেন ও মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button