সারা দেশ

শিবগঞ্জে ছিনতাইকারীর কবলে ভ্যানচালক ও যাত্রী, ভ্যানসহ নগদ টাকা লুট

*শিবগঞ্জ প্রতিনিধি:*
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মুখোশধারী ছিনতাইকারীদের কবলে পড়ে গুরুতর আহত হয়েছেন এক ভ্যানচালক ও তাঁর এক যাত্রী। এ সময় তাঁদের কাছ থেকে একটি চার্জার ভ্যান, দুটি মোবাইল ফোন, একটি চার্জিং স্প্রে মেশিন ও নগদ ৩০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
সোমবার (১ নভেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে কানসাট-গুয়াবাড়ীচাঁদপুর সড়কের পাংশিভাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।
ছিনতাইয়ের শিকার ভ্যানচালক আহাদ আলী (৩৫) শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের গুয়াবাড়ীচাঁদপুর গ্রামের জঞ্জালী হোসেনের ছেলে। তাঁর সঙ্গে থাকা যাত্রী রুবেল আলী (৩৫) একই গ্রামের মো. নুরজেন আলীর ছেলে।
আহাদ আলী ও রুবেল আলীর ভাষ্য অনুযায়ী, তাঁরা দুজন কানসাট থেকে বাড়ি ফিরছিলেন। পথে পাংশিভাঙ্গা এলাকায় পৌঁছালে মুখোশধারী ১০ থেকে ১২ জনের একটি সংঘবদ্ধ দল দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের পথরোধ করে। এ সময় তাঁদের মারধর করে গুরুতর আহত করা হয়। পরে ছিনতাইকারীরা তাঁদের কাছ থেকে একটি চার্জার ভ্যান, দুটি মোবাইল ফোন, একটি চার্জিং স্প্রে মেশিন ও নগদ ৩০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।
এ বিষয়ে শিবগঞ্জ থানার উপপরিদর্শক (তদন্ত) মো. আনেশুর রহমান জানান, ঘটনাটি সম্পর্কে পুলিশ অবগত নয়। এ ঘটনায় কেউ কোনো অভিযোগও করেননি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Related Articles

Back to top button