বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
সম্প্রতি প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় চাঁপাইনবাবগঞ্জ কালেক্টরেট চত্বরে জেলা মুক্তিযোদ্ধা সংসদ, চাঁপাইনবাবগঞ্জের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মো. খাইরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা কমিরুল হক, লুৎফল হক, নুরুল ইসলামসহ অন্যরা।
বক্তারা বলেন, পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীকে কবর দিতে বাধা প্রদান করা হয়। এমনকি কবর খননের পর তা ভরাট করে দেওয়া হয়। পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদানের ক্ষেত্রেও বাধা সৃষ্টি করা হয়! একজন বীর মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে বাধা দেওয়ার ঘটনা অত্যন্ত নিন্দনীয় ও দুঃখজনক। মুক্তিযোদ্ধাদের সম্মান ও একাত্তরের মহান মুক্তিযুদ্ধের চেতনাকে অবমাননা করার কোনো সুযোগ নেই।
কর্মসূচিতে জেলার বিভিন্ন এলাকার বীর মুক্তিযোদ্ধারা অংশ নেন।



