বিজ্ঞাপন
For Advertisement: 01763639922
গোদাগাড়ীরাজশাহী

ডিএপি সারের দাবিতে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়ক অবরোধ, এক ঘণ্টা পর প্রত্যাহার

For Advertisement: 01763639922

গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি :

পর্যাপ্ত ডিএপি সার সরবরাহ ও ন্যায্য বণ্টনের দাবিতে রাজশাহীর গোদাগাড়ীতে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়ক অবরোধ করেছেন কৃষকরা। একই পরিবারের একাধিক সদস্যের নামে থাকা সার ডিলারশিপ বাতিল এবং পৃথক তিনটি স্থানে ডিলার নিয়োগের দাবিও জানান তাঁরা। পরে প্রশাসনের আশ্বাসে প্রায় এক ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার করেন কৃষকরা।

সোমবার (৯ নভেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার বাসুদেবপুর ইউনিয়নে এ অবরোধ শুরু হয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, শীতকালীন ফসল চাষের জন্য প্রয়োজনীয় সার সংগ্রহ করতে বারবার ডিলারদের কাছে গিয়েও অনেকে সার পাননি। এ অবস্থায় পর্যাপ্ত সার সরবরাহ ও কৃষকদের মধ্যে ন্যায্যভাবে সার বিতরণের দাবিতে তাঁরা মহাসড়কে অবস্থান নেন।

কৃষকদের অভিযোগ, হাটনাবাদ এলাকায় বিসিআইসির ডিলার মানিক ট্রেডার্স ও বিএডিসির ডিলার মোশাররফ হোসেনের প্রতিষ্ঠান পাশাপাশি অবস্থিত। একই পরিবারের একাধিক সদস্যের নামে ডিলারশিপ থাকায় সার বিতরণে বৈষম্য তৈরি হচ্ছে বলে অভিযোগ করেন তাঁরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল থেকে দুপুরের মধ্যে মানিক ট্রেডার্সের মালিক হাবিবুর রহমান ১৫০ বস্তা ডিএপি সার বিক্রি করেন। বিকেলে মোশাররফ হোসেনের গুদাম থেকে আরও ১৫০ বস্তা সার বিক্রির কথা ছিল। তবে অপেক্ষমাণ কৃষকের সংখ্যা মজুদের তুলনায় বেশি হওয়ায় সার না পাওয়ার আশঙ্কায় তাঁরা অবরোধে অংশ নেন।

খবর পেয়ে ঘটনাস্থলে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান, উপজেলা কৃষি কর্মকর্তা মরিয়ম আহমেদ ও গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন মিয়া। তাঁরা কৃষকদের সঙ্গে কথা বলে অভিযোগ শোনেন।

ইউএনও ইসরাত জাহান জানান, অবরোধের আগে প্রশাসনের কাছে এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ আসেনি। কর্মকর্তারা ঘটনাস্থলে যাওয়ার পর কৃষকেরা মৌখিকভাবে তাঁদের অভিযোগ জানান। আগাম সরিষা চাষের জন্য কৃষকেরা বরাদ্দ পেয়েছেন। তবে এখন বেশি জমিতে চাষের পরিকল্পনা করায় তাঁরা অতিরিক্ত ডিএপি সার চাইছেন।

তিনি আরও বলেন, ফসলভেদে সারের চাহিদা ভিন্ন হয়। ডিএপির পাশাপাশি ইউরিয়া, এমওপি ও টিএসপিসহ অন্যান্য সারেরও প্রয়োজন রয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা মরিয়ম আহমেদ বলেন, ইউনিয়নে পর্যাপ্ত সার মজুদ রয়েছে এবং উল্লেখযোগ্য পরিমাণ সার ইতিমধ্যে বিতরণ করা হয়েছে। কৃষকদের দাবি, ডিলাররা যেন একটি নির্দিষ্ট স্থানে সীমাবদ্ধ না থেকে বিভিন্ন ওয়ার্ডে পৃথক স্থানে সার বিক্রি করেন।

পরে প্রশাসনের পক্ষ থেকে কৃষকদের অভিযোগ খতিয়ে দেখা এবং চাহিদা অনুযায়ী ন্যায্যভাবে সার বিতরণের আশ্বাস দেওয়া হলে তাঁরা অবরোধ প্রত্যাহার করেন।

For Advertisement: 01763639922
For Advertisement: 01763639922

Related Articles

For Advertisement: 01763639922
Back to top button