বিজ্ঞাপন
For Advertisement: 01763639922
প্রসঙ্গ

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের স্থবিরতা ও শিক্ষকদের পদোন্নতি-বঞ্চনা

For Advertisement: 01763639922

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা শিক্ষার্থীদের উচ্চশিক্ষার উপযোগী করে গড়ে তোলা, শিক্ষার মানোন্নয়ন এবং দক্ষ ও শিক্ষিত জাতি বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। নতুন জাতীয়করণকৃত বিদ্যালয়সহ বর্তমানে দেশে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা ৭০২টি। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তিন শতাধিক বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণ করা হয়েছে। বর্তমান সরকারের আমলেও বিদ্যালয় জাতীয়করণের উদ্যোগ লক্ষ করা যাচ্ছে। তবে শুধু বেসরকারি বিদ্যালয় জাতীয়করণ করলেই শিক্ষার মানোন্নয়ন নিশ্চিত হবে কি না, তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের মেধা, শ্রম, নিষ্ঠা ও পেশাদারিত্ব দেশের মাধ্যমিক শিক্ষার ভিত্তিকে সুদৃঢ় রেখেছে। রাষ্ট্র পরিচালনা ও নেতৃত্বদানে সক্ষম দক্ষ মানবসম্পদ গঠনে তাঁদের ভূমিকা অনস্বীকার্য। অথচ দুঃখজনক হলেও সত্য, এই শিক্ষকসমাজ দীর্ঘদিন ধরে তাঁদের ন্যায্য অধিকার ও প্রাপ্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত।

সরকারি প্রজ্ঞাপন ও বিধি অনুযায়ী, আট বছর সন্তোষজনক চাকরিকাল পূর্ণ করার পর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের প্রথম শ্রেণির গেজেটেড পদমর্যাদায় ‘সিনিয়র শিক্ষক’ পদে পদোন্নতি পাওয়ার কথা। কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। ২০১১ ব্যাচের সহকারী শিক্ষকদের চাকরিকাল ১৫ বছর পেরিয়ে ১৬ বছরে পদার্পণ করলেও তাঁরা এখনো সহকারী শিক্ষক হিসেবেই কর্মরত রয়েছেন।

উল্লেখ্য, ২০১০ ব্যাচের কিছু সহকারী শিক্ষককে ‘সিনিয়র শিক্ষক’ পদে পদোন্নতি দেওয়া হলেও একই ব্যাচের অনেক শিক্ষক দীর্ঘ ১৭ বছর ধরে একই পদে কর্মরত রয়েছেন। তাঁরা পাননি কোনো সিলেকশন গ্রেড কিংবা উচ্চতর গ্রেডের সুবিধা। একইভাবে ২০১১ ব্যাচের শিক্ষকরাও এখন পর্যন্ত পদোন্নতি, সিলেকশন গ্রেড বা উচ্চতর গ্রেড থেকে বঞ্চিত রয়েছেন।

বর্তমানে দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ‘সিনিয়র শিক্ষক’ পদের প্রায় দুই হাজার পদ শূন্য রয়েছে। এত বিপুলসংখ্যক পদ খালি থাকার পরও যোগ্য শিক্ষকদের পদোন্নতি না দেওয়ায় সহকারী শিক্ষকদের মধ্যে চরম ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছে। দীর্ঘদিনের এই বঞ্চনা তাঁদের পেশাগত উদ্দীপনা কমিয়ে দিচ্ছে এবং বাড়াচ্ছে অনিশ্চয়তা। হতাশাগ্রস্ত শিক্ষকসমাজের কাছ থেকে মানসম্মত শিক্ষা প্রত্যাশা করাও কঠিন। শিক্ষকদের সামাজিক মর্যাদা ও পেশাগত অগ্রগতি নিশ্চিত করা না গেলে সামগ্রিক শিক্ষাব্যবস্থা ক্ষতিগ্রস্ত হবে।

শুধু পদোন্নতিই নয়, সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে শিক্ষকসংকটও প্রকট। ৯ অক্টোবর ২০২৬ তারিখে দ্য ডেইলি স্টার-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে সহকারী শিক্ষকের ২ হাজার ৮৪২টি পদ শূন্য রয়েছে। এর বিপরীতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৭২৮ জন বিসিএস প্রার্থীকে সহকারী শিক্ষক হিসেবে নিয়োগের জন্য সুপারিশ করেছে, যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল।

আরও উদ্বেগজনক বিষয় হলো, সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে আইসিটি বিষয়ের শিক্ষক নেই বললেই চলে। ফলে অন্য বিষয়ের শিক্ষকদের দিয়ে আইসিটি ক্লাস পরিচালনা করতে হচ্ছে। এতে শিক্ষার্থীদের এ বিষয়ে প্রত্যাশিত শিখনফল অর্জন ব্যাহত হচ্ছে।

এদিকে সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকের প্রায় ৬০ শতাংশ পদ শূন্য রয়েছে। এসব পদে যোগ্য শিক্ষকদের নিয়মিত পদোন্নতি না দিয়ে চলতি দায়িত্ব বা ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব দেওয়া হচ্ছে। এতে বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমে স্থবিরতা তৈরি হচ্ছে এবং শিক্ষকদের মধ্যে অসন্তোষ বাড়ছে।

২০২৫ সালের নভেম্বরের শেষ সপ্তাহে বার্ষিক পরীক্ষা চলাকালে পদোন্নতিসহ অন্যান্য ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা দেশব্যাপী কর্মবিরতি কর্মসূচি শুরু করেছিলেন। তবে কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষাজীবনের কথা বিবেচনা করে তাঁরা কর্মসূচি স্থগিত করেন এবং নির্ধারিত সময়েই বার্ষিক পরীক্ষা সম্পন্ন করেন। প্রশ্ন হচ্ছে, শিক্ষকদের ন্যায্য অধিকার আদায়ের জন্য কেন আন্দোলনে নামতে হবে? নিয়ম অনুযায়ী প্রাপ্য পদোন্নতি ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা সরকারের দায়িত্ব।

শিক্ষাব্যবস্থার উন্নয়ন শুধু নতুন বিদ্যালয় জাতীয়করণ কিংবা অবকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে না। এর জন্য প্রয়োজন যোগ্য শিক্ষক নিয়োগ, শিক্ষকদের যথাযথ মূল্যায়ন, সময়মতো পদোন্নতি এবং পেশাগত মর্যাদা নিশ্চিত করা। শিক্ষকদের দীর্ঘদিনের বঞ্চনা দূর না করে মানসম্মত শিক্ষা নিশ্চিত করা কঠিন।

তাই সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রাপ্য পদোন্নতি প্রদান, শূন্য পদে দ্রুত শিক্ষক নিয়োগ, এন্ট্রি পদ নবম গ্রেডে উন্নীতকরণ এবং অন্যান্য ন্যায্য দাবি বাস্তবায়নে সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে। এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, শিক্ষামন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করছি।

লেখক : মোহাম্মদ আব্দুস ছালাম
সহকারী শিক্ষক (ইংরেজি)
বনোয়ারী লাল সরকারি উচ্চ বিদ্যালয়, সিরাজগঞ্জ।

For Advertisement: 01763639922
For Advertisement: 01763639922

Related Articles

For Advertisement: 01763639922
Back to top button