হরিমোহনের শতবর্ষী ভবন ঘিরে স্মৃতি, আবেগ ও ঐতিহ্য রক্ষার আকুতি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান বিভাগের শিক্ষক প্রফেসর ড. সরোজ কুমার সরকার জামাইবাবুর সাথে এইবারই প্রথম দেখা হলো। বিয়ের পর দিদি আমাদের বাড়িতে কয়েকবার এলেও বিভিন্ন কারণে জামাইবাবুর আসা হয়নি। সারাদিন আড্ডা ও খাওয়াদাওয়ার পর জামাইবাবুকে চাঁপাইনবাবগঞ্জ শহর দেখাতে বের হলাম। হুজরাপুর জোড়ামঠ, পুরাতন বাজার, বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু ও শান্তিমোড় পেরিয়ে আসলাম সরকারি কলেজ মোড়ে। কলেজ মোড় পেরোতেই হঠাৎ জামাইবাবু একটু উচ্ছ্বসিত হয়ে বলে উঠলেন, “এটা হরিমোহন স্কুল না?!! উহ্! দারুণ!”—বলে হরিমোহন স্কুল সম্পর্কে অনেক প্রশংসা করতে থাকলেন। প্রায় ১০০ বছরের পুরোনো ভবনটি দেখেই তিনি চিনে ফেলেছেন। অন্য বিভাগের মানুষের কাছ থেকে নিজ স্কুলের এমন প্রশংসা শুনে বুকটা ভরে গেল। তাঁর চোখ-মুখের অভিব্যক্তি দেখে আশ্চর্য ও মুগ্ধ হই। নিজেও আবেগ-আপ্লুত হয়ে পড়ি। ভবনের দিকে তাকিয়ে গৌরবময় ইতিহাস ও ঐতিহ্যের সুঘ্রাণ-মিশ্রিত নির্মল বাতাসে বুক ভরে নিশ্বাস নিই। আমার তিন পুরুষ (বাবা, আমরা চার ভাই ও আমাদের দুই সন্তান) এই স্কুলের ছাত্র—এ কথা ভেবে গর্ববোধ করি।
হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়—চাঁপাইনবাবগঞ্জের গর্ব, যা শুধু একটি বিদ্যাপীঠ নয়; শিল্প-সাহিত্য, ভাষা, লোকজ সংস্কৃতি ও সামাজিক বন্ধনের পরিচায়ক।
কত শত ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষাবিদ, বিজ্ঞানী ও গুণী মানুষের আঁতুড়ঘর এই বিদ্যালয়টি, তা হিসাব করে বলা সম্ভব নয়।
জমিদার মল্লিক পরিবার, নিমগাছির জেসমুদ্দিন সরকার, বাবু রঘুনাথ মজুমদার ও বাবু প্রতাপচন্দ্র দাসসহ স্থানীয় হিন্দু-মুসলিম সকলের সম্মিলিত প্রচেষ্টায় ১৮৯৫ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত স্কুলটির পাঠদান কার্যক্রম শুরু হয়েছিল চাটাই আর খড়ের চাল দিয়ে তৈরি শ্রেণিকক্ষ দিয়ে। ১৯২৮ সালে রামরঞ্জন মল্লিক ২.২৪ একর জমি এবং স্কুল ভবন ও আসবাবপত্রের জন্য ১৭,০০০ টাকা দান করেন। সেই টাকা দিয়েই শুরু হয়েছিল স্কুলের প্রথম দালানঘর। সেই দালানঘরগুলোও একসময় পুরাতন হয়ে পড়ে, হয়ে পড়ে ঝুঁকিপূর্ণ। শুরু হয় মেরামত। পুরাতন সেই অবকাঠামোগত নকশাকে ঠিক রেখেই ভবনটিকে নতুন করে তোলা হয়।
পরবর্তীতে নতুন কয়েকটি আধুনিক বহুতল ভবন তৈরি হলেও হরিমোহনের কথা উঠলেই চোখের সামনে সেই পুরনো ভবনটির ছবিই ভেসে ওঠে। এই পুরনো ভবনের প্রতিটি ইট, প্রতিটি শ্রেণিকক্ষ ও বারান্দায় মিশে আছে কত শত শিক্ষার্থীর পদচিহ্ন, হাসি-আনন্দ, দুষ্টুমি, বন্ধুত্ব আর স্বপ্নের গল্প। এখানেই কেউ প্রথম শিখেছে জীবনের বর্ণমালা, কেউ খুঁজে পেয়েছে নিজের স্বপ্নের ঠিকানা, আবার কেউ পেয়েছে সারাজীবন বয়ে বেড়ানোর মতো কিছু অমূল্য বন্ধুত্ব।
সময়ের স্রোতে আমরা অনেকেই বিদ্যালয়ের আঙিনা ছেড়ে জীবনের নানা প্রান্তে ছড়িয়ে পড়েছি। কেউ হয়েছি শিক্ষক, কেউ চিকিৎসক, কেউ ব্যবসায়ী, কেউ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। জীবনের ব্যস্ততা, বয়সের পরিবর্তন কিংবা দূরত্ব আমাদের অনেক কিছু থেকে বিচ্ছিন্ন করলেও হরিমোহনের স্মৃতি থেকে বিচ্ছিন্ন করতে পারেনি। আর হরিমোহন মানেই স্মৃতির সেলুলয়েডে ভেসে ওঠে প্রায় ১০০ বয়সী এই ভবন।
কদিন আগে হরিমোহন প্রাক্তন ছাত্র সমিতির ছোটভাই পলাশ আবেগঘন কণ্ঠে জানাল, “ভাই, হরিমোহনের পুরাতন ভবন ভেঙ্গে ফেলা হবে।”

শুনে আমারও মনটা খারাপ হয়ে গেল।
জিজ্ঞেস করলাম, কেন?
জানি না।
কারা ভাঙতে চাচ্ছে?
জানি না।
এখানে কি নতুন ভবন হবে?
না।
তাহলে ভাঙবে কেন?
জানি না।
তুমি কার কাছে শুনেছ?
সবাই বলছে।
পাগল! সবাই বললেই ভেঙে ফেলবে?! এটা সরকারি প্রতিষ্ঠান, ইচ্ছা করলেই যে কেউ এটা ভাঙতে পারবে না।
এ কথা বলে পলাশকে শান্ত করলাম বটে, কিন্তু কৌতূহল চেপে রাখতে পারলাম না। শুরু হলো অনুসন্ধান। স্কুল-সম্পর্কিত সকল প্রতিষ্ঠানের সাথে অনানুষ্ঠানিকভাবে যোগাযোগ করলাম। সকলেরই প্রায় একই রকম বক্তব্য—ভবনটিকে পরিত্যক্ত ঘোষণা করার জন্য আমাদের কাছে চাপ আসছে। কিন্তু কোথা থেকে চাপ আসছে বা কারা চাপ দিচ্ছে, এ কথা জানাতে সবাই অস্বীকৃতি জানাল। বুঝলাম, যা রটে তার কিছুটা বটে। কিন্তু কিছুতেই মাথায় আসছে না, কেন এমন ভাবনা?
পুরো বিশ্বের মানুষ যখন ঐতিহ্যকে ধরে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করছে, তখন এমন গণ্ডমূর্খের মতো চিন্তা কে করছে?!!
বুঝলাম, নতুন ভবন হয়েছে। সেখানেই স্কুলের সব কার্যক্রম পরিচালনা করা সম্ভব এবং এই পুরোনো ভবনের হয়তো আর প্রয়োজন নেই। তা বলে শতবর্ষের এমন ঐতিহ্য নষ্ট করে ফেলতে হবে?!!
দয়া করে এমন সর্বনাশা চিন্তা মাথা থেকে বিতারিত করুন।”
আধুনিকতার নামে যদি আমরা নিজেদের ঐতিহ্যকে বিসর্জন দিই, তাহলে একসময় আমাদের শেকড়ের সঙ্গে সম্পর্ক দুর্বল হয়ে পড়বে। নতুন প্রজন্ম জানবে না তাদের পূর্বপুরুষদের পরিচয়, সমাজের বিবর্তন কিংবা সংস্কৃতির প্রকৃত স্বরূপ।
ঐতিহ্য ধরে রাখার অর্থ অতীতকে আঁকড়ে থাকা নয়। বরং ঐতিহ্যের ইতিবাচক ও কল্যাণকর দিকগুলোকে ধারণ করে সময়ের সঙ্গে তার প্রয়োজনীয় সংস্কার ও বিকাশ ঘটানোই প্রকৃত দায়িত্ব।

আমাদের চাওয়া:
হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের পুরাতন ভবনকে কেন্দ্র করে একটি পূর্ণাঙ্গ ‘ঐতিহ্যের সংগ্রহশালা’ গড়ে তোলা যেতে পারে। সেখানে নিম্নলিখিত বিষয়গুলো সংরক্ষণ করা যেতে পারে:
*বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন ইতিহাস ও প্রাসঙ্গিক দলিলপত্র।
*প্রাক্তন প্রধান শিক্ষক ও শিক্ষকদের ছবি ও জীবনবৃত্তান্ত।
*বিদ্যালয়ের বিভিন্ন সময়ের শিক্ষার্থীদের ছবি ও স্মৃতিচিহ্ন।
*কৃতী ও বরেণ্য প্রাক্তন শিক্ষার্থীদের পরিচিতি ও অর্জন।
*পুরোনো পাঠ্যপুস্তক, শিক্ষা উপকরণ ও পরীক্ষার নথি।
*বিদ্যালয়ের সাংস্কৃতিক, ক্রীড়া ও স্কাউট কার্যক্রমের ইতিহাস।
*বিদ্যালয়ের বিভিন্ন সময়ের প্রকাশনা, স্মরণিকা ও পত্রিকা।
এছাড়াও ঐতিহ্যের এই সংগ্রহশালায় থাকতে পারে চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী কাঁসা-পিতল, রেশম, নকশীকাঁথা ও সুজনীকাঁথাসহ গৌড় জনপদের মানুষের জীবনযাত্রায় ব্যবহৃত নানা উপকরণ।
চাঁপাইনবাবগঞ্জের ইতিহাস ও ঐতিহ্য অনুসন্ধানে আগ্রহী মানুষ, গবেষক, শিক্ষার্থী এবং দর্শনার্থীদের জন্য এটি একটি আকর্ষণীয় স্থান হয়ে উঠতে পারে।
একটি বিদ্যালয়ের সাফল্য শুধু তার আধুনিক ভবন, শ্রেণিকক্ষ কিংবা শিক্ষার্থীদের ফলাফলে সীমাবদ্ধ থাকে না। তার সাফল্য ও গৌরবের একটি বড় অংশ জুড়ে থাকে তার ইতিহাস, ঐতিহ্য এবং প্রজন্ম থেকে প্রজন্মে বহমান স্মৃতির ধারাবাহিকতা।
আমরা চাই না, উন্নয়নের প্রয়োজনে হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের অতীত মুছে যাক। আমরা চাই, আধুনিকতার সঙ্গে ঐতিহ্যের সহাবস্থান গড়ে উঠুক।
পুরাতন ভবনটি সংরক্ষণ করে ‘ঐতিহ্যের সংগ্রহশালা’ প্রতিষ্ঠা করা হলে সেটি শুধু একটি ভবন রক্ষার উদ্যোগ হবে না, বরং চাঁপাইনবাবগঞ্জের শিক্ষা ও সামাজিক ইতিহাসের প্রতি একটি দায়িত্বশীল প্রজন্মের শ্রদ্ধার নিদর্শন হয়ে থাকবে।
সংশ্লিষ্ট সকলের শুভবুদ্ধির উদয় হোক।
বেঁচে থাকুক আমাদের ঐতিহ্য।
=============
আসরাফুল আম্বিয়া সাগর
চাঁপাইনবাবগঞ্জ।




