নির্বিঘ্নে দুর্গোৎসব ও শ্যামাপূজা উদযাপন, চাঁপাইনবাবগঞ্জে অপর্ণা রায়ের মতবিনিময়

চাঁপাইনবাবগঞ্জ প্রতিবেদক : বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি ও বিএনপির প্রান্তিক জনশক্তি উন্নয়নবিষয়ক সহসম্পাদক অপর্ণা রায়ের সঙ্গে চাঁপাইনবাবগঞ্জে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জের পুরাতন বাজার এলাকার একটি মন্দিরে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় অপর্ণা রায় বলেন, এবারের দুর্গাপূজা ও শ্যামাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপিত হয়েছে। উৎসব নির্বিঘ্ন করতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা দায়িত্বশীল ভূমিকা পালন করেছেন। এ জন্য সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
তিনি বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সম্মিলিত প্রচেষ্টায় সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখতে হবে। দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় সব সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা প্রয়োজন।
বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের জেলা শাখার আহ্বায়ক শ্রী কমল কুমার ত্রিবেদী। সভা সঞ্চালনা করেন তরুণ কুমার সাহা।
এ সময় উপস্থিত ছিলেন জাসাস কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক সদস্য সুভাষ চন্দ্র দাস, জেলা কৃষক দলের আহ্বায়ক তোসিকুল ইসলাম, ইউসুফ আলী, জেলা যুবদলের সদস্যসচিব গোলাম কিবরিয়া, ফারুক হোসেন, আবেদ হোসেন, জেলা ছাত্রদলের সদস্যসচিব আখতারুজ্জামান, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আহ্বায়ক শ্রী মহন্ত হালদার ও সদস্যসচিব সঞ্জীব সাহা প্রমুখ।




