চাঁপাইনবাবগঞ্জে পুলিশের পৃথক অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২
চাঁপাইনবাবগঞ্জ প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও সদর উপজেলায় পুলিশের পৃথক অভিযানে ২ কেজি গাঁজা ও ১৬ বোতল এস্কাফ সিরাপসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের সাতরশিয়া গ্রামে অভিযান চালিয়ে মো. আকতার হোসেন (৫৪) নামে একজনকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। তিনি ওই গ্রামের মৃত মুনসেফ আলীর ছেলে। এ সময় তাঁর বসতবাড়ি থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
অন্যদিকে, একই দিন বিকেল সোয়া ৪টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের ধুমিহায়াতপুর গ্রামে অভিযান চালায় সদর মডেল থানা পুলিশ। জনৈক রমজান আলীর বসতবাড়ির পেছনের একটি লিচুবাগান থেকে ১৬ বোতল এস্কাফ সিরাপসহ মো. আব্দুর রশিদ (৪৫) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের মৃত মোসলেম উদ্দিনের ছেলে।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ সুপারের দিকনির্দেশনায় ডিবির অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে ডিবি পুলিশের একটি দল এবং সদর মডেল থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে থানা পুলিশের পৃথক দল এসব অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।




