এক দিনের বৃষ্টিতেই চলাচলের অনুপযোগী চৈতন্যপুর বাজারের সড়ক

নিজস্ব প্রতিবেদক :
এক দিনের বৃষ্টিতেই কাদাপানিতে বেহাল হয়ে পড়েছে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের চৈতন্যপুর বিজয় মোড় বাজারের সড়ক। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সামান্য বৃষ্টিতেই দুর্ভোগে পড়ছেন স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও পথচারীরা।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রায় ২৫ থেকে ২৬ বছর আগে সড়কটিতে কার্পেটিং করা হয়। এরপর থেকে আর কোনো সংস্কার বা মেরামত করা হয়নি। সড়কটির পরিচিতি নম্বর (আইডি) না থাকায় এত দিন সংস্কারকাজ হয়নি বলে জানা গেছে।
স্থানীয়দের ভাষ্য, ধাইনগর ইউনিয়ন পরিষদ থেকে মহেশপুর পর্যন্ত সড়ক নির্মাণের সময় মহেশপুর এলাকায় কিছু অংশে বাধা সৃষ্টি হওয়ায় ওই সড়কের কার্পেটিংয়ের কাজ চৈতন্যপুরের এই অংশে করা হয়েছিল। এরপর থেকে সড়কটি আর সংস্কার করা হয়নি।
বিজয় মোড় জুম্মা মসজিদের মুয়াজ্জিন বলেন, দীর্ঘদিন ধরে জনপ্রতিনিধিরা সড়কটি পুনর্নির্মাণের আশ্বাস দিয়ে আসছেন। তবে এখনো কোনো কাজ হয়নি।
এ বিষয়ে ধাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ বলেন, সড়কটির আগে কোনো আইডি ছিল না। বিগত সরকারের আমলে আইডি করা হয়েছে এবং অনুমোদনও পাওয়া গেছে। বরাদ্দ পেলেই কাজ শুরু হবে।
তিনি জানান, সড়কটির আইডি নম্বর ১৭০৮৮৫০৫৯। সড়কটির নাম চৈতন্যপুর খ্যাপাপাড়া থেকে হাতথিলাদা ডাড়া হয়ে বিজলা।
দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি পেতে সড়কটি জরুরি ভিত্তিতে পুনর্নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।




