হরমুজ প্রণালীতে দুটি ট্যাংকারে হামলা, মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

পাঠকের কাগজ ডেস্ক: হরমুজ প্রণালীতে অন্তত দুটি ট্যাংকারে হামলার ঘটনা ঘটেছে। একই সময়ে এ জলপথে একটি মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। শনিবার (২১ নভেম্বর) এসব তথ্য প্রকাশ্যে আসে।
ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তাবিষয়ক সংস্থা ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, ওমানের খাসাব উপকূলের কাছে দুটি ট্যাংকারে অজ্ঞাত বস্তু দিয়ে হামলা হয়েছে।
ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ওমানের খাসাব উপকূল থেকে প্রায় ১১ নটিক্যাল মাইল উত্তরে হরমুজ প্রণালী দিয়ে বহির্মুখী যাত্রার সময় একটি ট্যাংকারের পেছনের অংশে অজ্ঞাত প্রজেক্টাইল আঘাত হানে। শনিবার ইউকেএমটিও এ হামলার তথ্য নিশ্চিত করে।
এরপর খাসাব থেকে প্রায় ১৭ নটিক্যাল মাইল পূর্বে আরেকটি ট্যাংকারের ইঞ্জিন কক্ষে অজ্ঞাত প্রজেক্টাইল আঘাত হানার খবর জানায় সংস্থাটি। তবে দুটি ঘটনায় একই জাহাজের কথা বলা হয়েছে কি না, তাৎক্ষণিকভাবে তা পরিষ্কার হওয়া যায়নি।
ইউকেএমটিও জানিয়েছে, উভয় ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে হামলার ফলে পরিবেশগত কোনো ক্ষতি হয়েছে কি না, তা জানা যায়নি। এর আগে শুক্রবার খাসাবের কাছে আরেকটি ট্যাংকারে একই ধরনের হামলার ঘটনা ঘটে। ওই হামলার পর জাহাজটিতে আগুন ধরে যায়।
খাসাব ওমানের মুসান্দাম উপদ্বীপে হরমুজ প্রণালীর প্রবেশমুখে অবস্থিত। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ এই প্রণালী দিয়ে সংঘাত শুরুর আগে বিশ্বে সরবরাহ করা মোট অপরিশোধিত তেলের প্রায় এক-পঞ্চমাংশ পরিবাহিত হতো।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাত ছড়িয়ে পড়ার পর হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হচ্ছে। জলপথটি বন্ধ করার পদক্ষেপ নেওয়ার পর থেকে আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি পরিবহনে এর প্রভাব পড়েছে।
এদিকে, হরমুজ প্রণালীতে আরও একটি মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল আইআরআইবি শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
আইআরজিসির বিবৃতির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, শুক্রবার দিবাগত রাতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে ড্রোনটি শনাক্ত করে ধ্বংস করা হয়েছে। সংস্থাটির দাবি, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত শুরুর পর থেকে এ পর্যন্ত হরমুজ প্রণালীতে মোট ৫৮টি এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করা হয়েছে।
এমকিউ-৯ রিপার যুক্তরাষ্ট্রের সমরাস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান জেনারেল অ্যাটমিকসের তৈরি একটি অত্যাধুনিক চালকবিহীন সামরিক বিমান। এটি নজরদারি, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং নির্ভুল হামলার কাজে ব্যবহৃত হয়।



