বিজ্ঞাপন
For Advertisement: 01763639922
চাঁপাইনবাবগঞ্জপ্রথম পাতা

বৃষ্টিতে বিপাকে ধানচাষিরা, বাড়ছে ডেঙ্গুর ঝুঁকি

For Advertisement: 01763639922

চাঁপাইনবাবগঞ্জ প্রতিবেদক : ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে চাঁপাইনবাবগঞ্জে টানা বৃষ্টিতে বিপাকে পড়েছেন ধানচাষিরা। জমিতে কেটে রাখা ধান ভিজে যাওয়ায় ফসলের ক্ষতি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। শুক্রবার থেকে বন্ধ রয়েছে ধান কাটা ও মাড়াই। অন্যদিকে বৃষ্টির কারণে জেলা শহরে মানুষের চলাচল ও ব্যবসা-বাণিজ্যেও স্থবিরতা দেখা গেছে। পাশাপাশি জমে থাকা বৃষ্টির পানিতে এডিস মশার বংশবিস্তারের আশঙ্কা তৈরি হয়েছে।

শনিবার সকাল থেকে দিনভর হালকা ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ায় জেলা শহরের রাস্তাঘাট ছিল অনেকটাই ফাঁকা। স্বাভাবিক সময়ের তুলনায় যানবাহন চলাচল কমেছে। জরুরি প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হননি। বৃষ্টিতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ। অনেক ব্যাটারিচালিত অটোরিকশাচালক রাস্তায় নামেননি। যারা চলাচল করেছেন, তাদের কেউ কেউ বাড়তি ভাড়া দাবি করেছেন বলে অভিযোগ রয়েছে।

দোকানপাট খোলা থাকলেও ক্রেতার উপস্থিতি ছিল কম। বৃষ্টির কারণে ফুটপাতের অধিকাংশ দোকান বন্ধ রাখতে দেখা গেছে। সাপ্তাহিক ছুটি থাকায় শিক্ষার্থীদেরও বাইরে বের হতে হয়নি।

কৃষকদের উদ্বেগের বড় কারণ জমিতে কেটে রাখা ধান। বৃষ্টির পানিতে ভিজে যাওয়া এসব ধান শুকানোর পর আঁটি বাঁধতে গেলে শস্য ঝরে পড়ার আশঙ্কা করছেন তারা। বৃষ্টির কারণে ধান কাটা-মাড়াই বন্ধ থাকায় অলস সময় পার করছেন শ্রমিকরাও।

তবে বৃষ্টির কারণে ধানের ক্ষতি হবে না বলে আশ্বস্ত করেছেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আতিকুল ইসলাম। তিনি জানান, আবহাওয়া স্বাভাবিক হলে কৃষকরা আবারও ধান কাটা ও মাড়াই শুরু করতে পারবেন।

কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, শুক্রবার ভোর ৬টা থেকে শনিবার ভোর ৬টা পর্যন্ত জেলায় গড় বৃষ্টিপাতের পরিমাণ ছিল ২১ মিলিমিটার। এর মধ্যে শিবগঞ্জে সর্বোচ্চ ৬০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এ ছাড়া গোমস্তাপুরে ২০, নাচোলে ১১, সদরে ৮ এবং ভোলাহাটে ৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

এদিকে বৃষ্টির পর বিভিন্ন স্থানে জমে থাকা স্বচ্ছ পানি ডেঙ্গু পরিস্থিতির জন্য নতুন উদ্বেগ তৈরি করেছে। বিশেষ করে ডেঙ্গুপ্রবণ জেলা শহরের বাড়িঘর ও আশপাশে পরিত্যক্ত পাত্রে পানি জমে থাকলে সেখানে এডিস মশার বংশবিস্তার হতে পারে।

২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জমির মো. হাসিবুস সাত্তার ডেঙ্গুর ঝুঁকি প্রসঙ্গে বলেন, “বৃষ্টি আছে তো ডেঙ্গু আছে, বৃষ্টি নেই তো ডেঙ্গু নেই।”

তিনি বাড়ির ভেতরে ও আশপাশে পানি জমতে পারে—এমন পরিত্যক্ত পাত্র দ্রুত সরিয়ে ফেলার পরামর্শ দিয়েছেন। সংশ্লিষ্টদের মতে, বৃষ্টির পর জমে থাকা পানি অপসারণে সচেতন না হলে ডেঙ্গুর সংক্রমণ বাড়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না।

For Advertisement: 01763639922
For Advertisement: 01763639922

Related Articles

For Advertisement: 01763639922
Back to top button