পাঠানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫০ আসনে ভর্তি, আবেদন শুরু ১ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পাঠানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষে প্রাক-প্রাথমিক ও প্রথম শ্রেণিতে ৫০ জন শিক্ষার্থী ভর্তি নেওয়া হবে। এ জন্য আগামী ১ ডিসেম্বর থেকে আবেদনপত্র বিতরণ ও জমা নেওয়ার কার্যক্রম শুরু হচ্ছে।
বিদ্যালয়ের প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রাক-প্রাথমিক (শিশু) শ্রেণিতে ৩৫টি এবং প্রথম শ্রেণিতে ১৫টি আসন নির্ধারণ করা হয়েছে। আগামী ১ থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত আবেদনপত্র বিতরণ ও গ্রহণ করা হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যালয় থেকে বিনামূল্যে আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে। তবে ছুটির দিনে এ কার্যক্রম বন্ধ থাকবে।

ভর্তির শর্ত অনুযায়ী, ২০২৭ সালের ১ জানুয়ারি প্রাক-প্রাথমিক শ্রেণিতে ভর্তিচ্ছু শিশুর বয়স ৫ বছর পূর্ণ থেকে ৬ বছরের মধ্যে এবং প্রথম শ্রেণিতে ভর্তিচ্ছু শিশুর বয়স ৬ বছর পূর্ণ থেকে ৭ বছরের মধ্যে হতে হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুধু বিদ্যালয়ের নির্ধারিত ক্যাচমেন্ট এলাকার স্থায়ী বাসিন্দাদের শিশুরাই ভর্তির জন্য আবেদন করতে পারবে। প্রথম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে শিশুটি প্রাক-প্রাথমিক শ্রেণিতে পড়াশোনা করেছে—এমন প্রত্যয়নপত্র জমা দিতে হবে।
আবেদনের সঙ্গে শিশুর বাংলা ও ইংরেজি জন্মনিবন্ধন সনদের সত্যায়িত অনুলিপি, বাবা-মায়ের বাংলা ও ইংরেজি জন্মনিবন্ধন সনদের সত্যায়িত অনুলিপি, বাবা-মায়ের জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি এবং শিশুর দুই কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি জমা দিতে হবে। এ ছাড়া স্থায়ী বাসিন্দাদের ক্ষেত্রে হোল্ডিং ট্যাক্স সনদের সত্যায়িত অনুলিপি এবং ভাড়াটিয়াদের ক্ষেত্রে বাড়িওয়ালার প্রত্যয়নপত্র দিতে হবে।
ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৩০ ডিসেম্বর দুপুর ২টা ৩০ মিনিটে লটারি অনুষ্ঠিত হবে। পরদিন ৩১ ডিসেম্বর নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হবে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মারুফুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অসম্পূর্ণ আবেদনপত্র এবং নির্ধারিত শর্ত পূরণ না করা আবেদন বাতিল বলে গণ্য হবে।




