ডোমারে তরুণীকে মারধর, ভিডিও ভাইরাল
নীলফামারী প্রতিনিধি :
নীলফামারীর ডোমারে পরকীয়ার অভিযোগ তুলে এক তরুণীকে বাড়িতে তুলে নিয়ে বিবস্ত্র করে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। নির্যাতনের শিকার তরুণী চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থী। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
রোববার (২৩ নভেম্বর) বিকেলে উপজেলার সোনারায় ইউনিয়নের ডুগডুগি পাটোয়ারীপাড়ায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন বিকেলে ওই তরুণী তাঁর ভাবির সঙ্গে বাড়ির সামনে বসে গল্প করছিলেন। এ সময় একই গ্রামের আব্দুল বাকীর স্ত্রী ও পুত্রবধূ এসে তাঁদের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়ান। একপর্যায়ে তাঁরা তরুণীকে টেনেহিঁচড়ে নিজেদের বাড়িতে নিয়ে মারধর করেন। অভিযোগ রয়েছে, এ সময় তাঁর পোশাক ছিঁড়ে তাঁকে বিবস্ত্র করা হয়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
পরিবারের অভিযোগ, আব্দুল বাকীর ছেলে আসিফের সঙ্গে ওই তরুণীর অনৈতিক সম্পর্ক রয়েছে—এমন সন্দেহ থেকেই তাঁকে মারধর করা হয়েছে।
তবে তরুণী অভিযোগ অস্বীকার করে বলেন, আসিফ তাঁর প্রতিবেশী চাচা। তিনি তাঁকে ভাতিজির মতো সম্বোধন করেন। তাঁর সঙ্গে কোনো অনৈতিক সম্পর্ক নেই। ঘটনার দিন ভাবির সঙ্গে বসে থাকার সময় আসিফের মা ও স্ত্রী তাঁকে গালাগাল করেন। এর প্রতিবাদ করলে তাঁকে বাড়িতে নিয়ে মারধর করা হয়। এ ঘটনার বিচার দাবি করেছেন তিনি।
তরুণীর মা ও ভাবির অভিযোগ, কোনো কারণ ছাড়াই তাঁকে বাড়িতে তুলে নিয়ে মারধর করা হয়েছে। তাঁদের দাবি, আসিফ বিবাহিত এবং তাঁর সন্তান রয়েছে। আসিফ ওই তরুণীকে ভাতিজি বলে ডাকেন। ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের শাস্তি দাবি করেছেন তাঁরা।
অভিযোগের বিষয়ে আসিফ বলেন, ওই তরুণীর সঙ্গে তাঁর কখনো ফোনেও কথা হয়নি। তাঁকে তিনি ভাতিজির মতো দেখেন। তবে অনলাইন জুয়ায় টাকা হারানো এবং পরিবারের খরচ ঠিকমতো দিতে না পারার কারণে তাঁর পরিবারের সদস্যরা ওই তরুণীর সঙ্গে সম্পর্কের সন্দেহ করে থাকতে পারেন।
ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ফাইজুল্লাহ বিপু জানান, রোববার রাতে তরুণীকে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম সরকার জানান, ঘটনার ভিডিও তাঁর নজরে এসেছে। তবে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মো. আব্দুল্লাহ আল মামুন

