শিবগঞ্জে বন্য শুকরের আক্রমণে দুই কৃষক আহত
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিবেদক :
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বন্য শুকরের আক্রমণে দুই কৃষক আহত হয়েছেন। পরে স্থানীয় লোকজন শুকরটিকে পিটিয়ে হত্যা করেন। সোমবার দুপুর আড়াইটার দিকে উপজেলার মনাকষা ইউনিয়নের গোপালপুর গ্রামের মাঠে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, গোপালপুর গ্রামের মো. সেলিম (৪৫), পিতা মো. এরফান এবং সাহাপাড়া গ্রামের শ্রী টুটুল (১৮), পিতা শ্রী ভঞ্জন।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে মাঠে ঘাস কাটার সময় হঠাৎ একটি বন্য শুকর দুই কৃষকের ওপর আক্রমণ করে। এতে তাঁরা আহত হন। পরে স্থানীয় লোকজন শুকরটিকে পিটিয়ে হত্যা করেন।
আহত সেলিমকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে পাঠান। অপর আহত টুটুলও চিকিৎসার জন্য সরাসরি চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে যান।
এ ঘটনায় স্থানীয় কৃষকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।




