শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ :
চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী।
সভায় জানানো হয়, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে রেহাইচরে সড়ক ও জনপথ অধিদপ্তর প্রাঙ্গণে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের শাহাদাতস্থলে সকালে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া অনুষ্ঠিত হবে। দিবসটি উপলক্ষে জেলার সব মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডাসহ অন্যান্য উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনার আয়োজন করা হবে।
অন্যদিকে, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের কর্মসূচি সুষ্ঠু ও সুন্দরভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সব দপ্তর ও প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
বিজয় দিবসের সূচনায় সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শহীদ মুক্তিযোদ্ধাদের নামসংবলিত স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ, পুরাতন স্টেডিয়ামে ৩১ বার তোপধ্বনি এবং সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। সকাল ৯টায় জেলা স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ১১টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হবে।
এ ছাড়া সরকারি শিশু সদন, হাসপাতাল, শিশু পরিবার, এতিমখানা ও কারাগারে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে। জেলা ও উপজেলা পর্যায়ে তিন দিনব্যাপী বিজয় মেলার পাশাপাশি ফুটবল, টি-টোয়েন্টি ক্রিকেট, কাবাডি ও হাডুডু খেলার আয়োজন করা হবে। সব শিক্ষাপ্রতিষ্ঠানে মুক্তিযুদ্ধভিত্তিক রচনা, চিত্রাঙ্কনসহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হবে।
সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) উজ্জ্বল কুমার ঘোষ, জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ হাসনাত, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আনিসুর রহমান, সিভিল সার্জন ডা. এ এস এম শাহাব উদ্দীন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজন, বীর মুক্তিযোদ্ধা খাইরুল ইসলাম, জেলা বিএনপির সদস্যসচিব মো. রফিকুল ইসলাম, জেলা জামায়াতের সেক্রেটারি আবু বকরসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।




