
নিজস্ব প্রতিবেদক, লালপুর (নাটোর):
নাটোরের লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে ছয়জনকে আটক করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ছয়টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৫ নভেম্বর সন্ধ্যা ৭টা ৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গোখরাবাদ এলাকার ফুলতলা মোড়সংলগ্ন আটটিকা থেকে পাইকপাড়াগামী আঞ্চলিক সড়কের পাশে অভিযান চালায় পুলিশ। লালপুর থানার এসআই মো. জহুরুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে অনলাইন জুয়ার অ্যাপ ব্যবহার ও বেটিং কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে ছয়জনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—ঈশ্বরদী থানার পাকশী ইউনিয়নের চর রূপপুর নওদাপাড়া গ্রামের মো. জালাল হোসেনের ছেলে শিমুল হোসেন (২৪), লালপুর উপজেলার পাইকপাড়া হাটপাড়া গ্রামের মো. ইয়াকুব আলীর ছেলে মামুন আলী (১৯), বেরিলাবাড়ী গ্রামের মো. রেজাউল করিমের ছেলে নয়ন আলী (২৭), আটটিকা বাজার এলাকার মো. জাহাঙ্গীর হোসেনের ছেলে মামুন উদ্দিন (২৭), বিদিরপুর গ্রামের সুজন কুমারের ছেলে রূপ কুমার (২০) এবং পাইকপাড়া মধ্যপাড়া গ্রামের মো. আ. কুদ্দুসের ছেলে মিরাজুল ইসলাম (২৫)।
লালপুর থানা পুলিশ জানায়, এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আটক ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে।




