শিবগঞ্জে বিস্ফোরণে নিহত ১

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিস্ফোরণের ঘটনায় মোহাম্মদ টমাস (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
বুধবার (২৫ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার মনাকষা ইউনিয়নের চৌকা এলাকার একটি ফসলের মাঠে এ ঘটনা ঘটে।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এ এন এম ওয়াসিম ফিরোজ ও শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমানের সঙ্গে কথা বলে জানা গেছে, এলাকার একটি ঘাসের খেতের পাশে বিস্ফোরণের ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ টমাস শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের বিশ্বনাথপুর লম্বারটোলা গ্রামের মো. মুর্তজার ছেলে।
পুলিশ জানায়, বিস্ফোরণে আহত ব্যক্তিরা ঘটনাস্থল থেকে চলে গেছেন। তাঁদের পরিচয় জানা যায়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।
নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।




